১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনে রাশিয়ার হামলায় নিহত ১৩

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে আসার পর ইউক্রেইনজুড়ে এসব হামলা চালানো হয়।

ইউক্রেইনে রাশিয়ার হামলায় নিহত ১৩
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কিইভের একটি বাজার। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 01:28 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ইউক্রেইনে রাশিয়ার হামলায় রাজধানী কিইভে একজনসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও হামলা চালানো হয়েছে।  

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে আসার পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতে হামলাগুলো চালানো হয়। যুক্তরাষ্ট্র থেকে ফিরে জেলেনস্কি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেইনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। 

এদিন ভোররাতে ইউক্রেইনের অধিকাংশ অঞ্চলে আকাশ হামলার সতর্ক সঙ্কেত বেজে ওঠে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, কিইভে বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। টেলিগ্রাম অ্যাপে কিইভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলার পর কয়েক অনাবাসিক স্থানে আগুন লেগে যায়।

দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, কিইভে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছে। দনিপ্রোপেতরোভস্ক ও পোলতাভায় দুটি শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছে।  

জেলেনস্কির নিজ শহর মধ্যঞ্চলীয় ক্রিভি রিহতে ৫ ও ১২ বছর বয়সী দুটি শিশু মেয়েসহ ছয়জন নিহত হয়েছে বলে শহরটির প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেকসান্দর ভিলকুল জানিয়েছেন। রাশিয়া শহরটিতে ইসাকান্দের-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে আর সেটি সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছেন ভিলকুল। 

তিনি জানান, রাশিয়ার ভোরোনেজ অঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি একটি বড় পরিবারের বাড়িতে আঘাত হেনেছে আর সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জরুরি পরিষেবার কর্মীরা আবর্জনা পরিষ্কার করছে আর মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।

পোল্যান্ডের নিকটবর্তী লভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়ে ২৬ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।   

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তাদের বাহিনীগুলো কিইভ, লভিভ থেকে দনিপ্রোপেতরোভস্কসহ ইউক্রেইনজুড়ে সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। এর পাশাপাশি ইউক্রেইনের তিনটি কার্গো জাহাজেও তারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে। 

পোল্যান্ডের সশস্ত্র বাহিনী এক্স এ জানিয়েছে, রাশিয়ার আকাশ হামলা থেকে তাদের আকাশসীমা রক্ষা করার জন্য তাদের যুদ্ধবিমানগুলো ছুটে গিয়েছিল। উল্লেখ্য পোল্যান্ডে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটো সামরিক জোটের সদস্য। 

ইউক্রেইনের সীমান্তবর্তী লুবলিন অঞ্চল থেকে পোল্যান্ডের পুলিশ এক্স এ জানিয়েছে, তারা বিলগোরাজ কাউন্টি থেকে বড় একটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পেয়ে সেখান যায়। সেখানে গিয়ে একটি মাঠে বড় একটি গর্ত ও অজ্ঞাত একটি বস্তুর ছড়ানো ছিটানো ধ্বংসাবশেষ দেখেছে।