Published : 27 Jun 2026, 10:28 PM
জর্জিয়ার পার্লামেন্টের বসন্তকালীন শেষ পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে তার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি ও বিরোধীদল ফর জর্জিয়ার এমপিরা তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়েছেন।
শুক্রবার অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে বলে জর্জিয়ার অনলাইন সংবাদ মাধ্যম সিভিল জর্জিয়া জানিয়েছে।
অধিবেশনের প্রশ্ন ও উত্তর পর্বে ঘুষাঘুষির ঘটনাটি শুরু হয়। দেশটির নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী জিওরজি গাখরিয়া নেতৃত্বাধীন বিরোধীদল ফর জর্জিয়া পার্টির এমপি গিয়র্গি শারাশিদজে জর্জিয়ায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক সফরের সময় প্রধানমন্ত্রী কোবাখিদজের ভূমিকার বিষয়ে করা মন্তব্য নিয়ে ঘটনা শুরু হয়।
সিভিল জর্জিয়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানায়, এমপিদের একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায়। প্রথমে তর্কাতর্কি দিয়ে শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তারা হাতাহাতি ও ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন, যা কয়েক মিনিট ধরে চলে। মারামারি চলতে থাকলে পার্লামেন্টের নিরাপত্তা বাহিনী বিরোধীদলীয় এমপিদের অধিবেশন কক্ষ থেকে সরিয়ে নেয়।
ভিডিওতে দেখা গেছে, প্রথমে দুইজন এমপির মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। তাদের একজন জর্জিয়ান ড্রিমের ইরাকলি খেলাদজে ও অপরজন ফর জর্জিয়ার গিগা পারুলাভা। পরে আরও আইনপ্রণেতারা এসে তাতে যোগ দেন, যেখানে নারী-পুরুষ উভয়েই আছেন।
কোবাখিদজে ও তার মন্ত্রিসভার সদস্যরা একটু দূরে তাদের চেয়ারে বসে ঘটনা ঘটনা দেখতে থাকেন।
প্রশ্নোত্তর পর্ব চলাকালী মঞ্চ থেকে দেওয়া বক্তব্যের ফর জর্জিয়ার গিরর্গি শারাশিদজে এপ্রিলে করা আলিয়েভের সফরের কথা তুলেন এবং জর্জিয়ান ড্রিমের প্রতিষ্ঠাতা ও অনারারি চেয়ারম্যান বিদজিনা ইভানিশভিলির সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন। ওই বৈঠকের ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, কোবাখিদজে এই দুইজনকে পেছন থেকে অনুসরণ করছেন। এতে এমন ধারণা আরও জোরদার হয় যে ক্ষমতাসীন দলের চূড়ান্ত ক্ষমতা ইভানিশভিলির হাতেই আছে আর কোবাখিদজের সেখানে দ্বিতীয় শীর্ষ নেতার ভূমিকায় আছেন।
শারাশিদজে বলেন, “যখন প্রেসিডেন্ট আলিয়েভ জর্জিয়ায় ছিলেন, তখন পুরো দেশ এই ছবিগুলো দেখেছে। আপনি কেন কোনায় দাঁড়িয়ে ছিলেন- এটি আপনার প্রকৃত ভূমিকা তুলে ধরেছে আর সরকারে আপনি কোন অবস্থানে আছেন তাও দেখিয়েছে।”
এ সময় অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়। কিন্তু শারাশিদজে বলতে থাকেন, “এটি কী ছিল? আমাদের কাছে ব্যাখ্যা করুন। জর্জিয়ায় অনেক প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এরকম কেউ ছিল না।”
এর সময় ক্ষমতাসীন দলের এমপিরা চেঁচামেচি ও হট্টগোল শুরু করলে তাদের উদ্দেশ্যে শারাশিদজে বলেন, “আপনাদের নির্লজ্জতা ও অভদ্রতা অন্য কোথাও গিয়ে দেখান।”
এর কিছুক্ষণের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। শারাশিদজে মঞ্চ থেকে নেমে যান আর পার্লামেন্টের সম্প্রচারণা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।
যাদেরকে অপরপক্ষকে সরাসরি আঘাত করতে দেখা গেছে তাদের মধ্যে জর্জিয়া ড্রিম পার্টির এমপি লাশা তালাখাদজে ও এমপি আর্চিল গরদুলাদজে অন্যতম। লাশা তিনবারের অলিম্পিক ভারত্তোলন চ্যাম্পিয়ন আর আর্চিল পার্লামেন্টের লিগ্যাল ইস্যু কমিটির চেয়ারম্যান।
এ ঘটনার পর পার্লামেন্ট ভবনে জরুরি চিকিৎসা পরিষেবাকে ডেকে আনা হয় ও তাদের ঘটনাস্থলে দেখা যায়।