১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজা পুনর্গঠনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’  এর সঙ্গে কাজ করছে জাতিসংঘ

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব গুতেরেস হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান।

গাজা পুনর্গঠনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’  এর সঙ্গে কাজ করছে জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 03:29 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ফিলিস্তিনের গাজায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ সক্রিয়ভাবে কাজ করছে। 

শনিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে গুতেরেস বলেন, “সেখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত। আমরা ‘বোর্ড অব পিস’-এর তৈরি করা কাঠামোগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করছি।”

রয়টার্স লিখেছে, গাজা পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ এবং প্রাথমিক কাজগুলো গুছিয়ে দেওয়ার যে লক্ষ্য ট্রাম্পের এই বোর্ড নিয়েছে, তাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘ প্রধান।

তবে গাজা পুনর্গঠনের বাইরে এই বোর্ডের আর কোনো ভূমিকা থাকা প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। গুতেরেসের মতে বর্তমানের নাটকীয় সমস্যাগুলো সমাধানের জন্য এটি কোনো কার্যকর পথ নয়। 

তিনি বলেন, “আমাদের আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূল্যবোধের বিষয়ে স্পষ্ট থাকতে হবে। যেকোনো শান্তি উদ্যোগের জন্য এটি অপরিহার্য।”

সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব করেন, এই নৌপথটি রক্ষায় এবং হামলা বন্ধের মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘ সাহায্য করতে পারে। 

মহাসচিব আরও জানান, বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।