Published : 23 May 2026, 05:42 PM
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় চিকিৎসা কর্মীসহ অন্তত ১১ জন নিহত হয়েছে বলে দেশটির গণমাধ্যম ও সরকার জানিয়েছে। এছাড়া আরও দুইজনকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবারের এসব হামলার পর শনিবার লেবাননের সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবাননের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, শনিবার মধ্যরাতে কিছুক্ষণ পর লেবাননের সিরিয়ার সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ব্রিতাল শহর সংলগ্ন পার্বত্য এলাকা নাবি শ্রেইজে পাঁচ দফা আকাশ হামলা চালায় ইসরায়েল। ১৭ এপ্রিল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এতোদিন এই এলাকাটিকে হামলা থেকে রেহাই দিয়েছিল ইসরায়েল।
এসব হামলার সময় নাবি শ্রেইজের একটি ভবনে দুটি বিস্ফোরণ ঘটে। এরপর শহরের ভেতরে আরেকটি হামলা চালানো হয়। হামলার পর ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উঠে যায়।
শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক শিশু ও উদ্ধারকর্মীসহ ১১ জন নিহত হয়েছে।
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে গোলাগুলি বিনিময় করে চলেছে।
এক বিবৃতিতে লেবানের মন্ত্রণালয়টি জানায়, হিজবুল্লাহর মিত্র ও শিয়া আমাল আন্দোলনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশনের দুই উদ্ধারকারীসহ ‘ছয়জন শহীদ’ হয়েছে। এর পাশাপাশি টায়ার শহরের কাছে দেইর কানুন আল-নাহর গ্রামে ইসরায়েলি হামলায় সিরীয় বালিকা নিহত হয়েছে।
এছাড়া শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর হ্যানাওয়েতে ইসরায়েলি আকাশ হামলায় হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত ইসলামিক স্বাস্থ্য কমিটির চার উদ্ধারকারী নিহত হয়।
পৃথকভাবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলি সীমান্তের কাছে দুইজনকে হত্যা করেছে তারা।
শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী টায়ারের নিকটবর্তী গ্রাম বুর্জ রাহাল থেকে সব গ্রামবাসীকে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য সতকর্ করেছে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ওই গ্রামবাসীদের সরে যাওয়ার আদেশ দিয়েছে।
এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা লেবাননের ভেতরে ও সীমান্তের নিকটবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে।