Published : 25 Jun 2026, 11:16 AM
জাপানের উত্তর উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। কিন্তু দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।
আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, হনশু দ্বীপের উত্তরাঞ্চলীয় তোহোকু অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম প্রিফেকচার ইওয়াতের পূর্ব উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ বলে সংস্থাটি প্রাথমিকভাবে জানিয়েছিল। এটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছে।
জাপানের কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর হয়নি এবং ওই অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা সংবাদিকদের জানান, ভূমিকম্পের খবর সংগ্রহ করার জন্য জাপান সরকার একটি জরুরি টিম তৈরি করেছে আর দুর্যোগ ত্রাণ অভিযান শুরু করার জন্য প্রস্তুত আছে।
জাপানের পূর্বাঞ্চলীয় রেলওয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর তারা তাদের তোহোকু শিনকানসেন উচ্চ গতির ট্রেনসহ বেশ কিছু ট্রেনের চলাচল বন্ধ করে রেখেছিল।
হনশুর সর্বউত্তরের প্রশাসনিক অঞ্চল আওমোরির এক্সপ্রেসওয়েগুলো বন্ধ রেখে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরিদর্শন করে দেখা হচ্ছে।
বিশ্বের অন্যতম সবচেয়ে বেশি ভূ-কম্পন অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বে ৬ মাত্রার বা এর বেশি ভূমিকেম্পর পাঁচ ভাগের এক ভাগ জাপানে হয়ে থাকে।
২০১১ সালের মার্চে দেশটির উত্তরপূর্ব উপকূলে ৯ মাত্রার একটি ভূমিকম্পের পর সৃষ্ট ব্যাপক সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। রেকর্ড অনুযায়ী জাপানের সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে সোভিয়েত ইউনিয়নের চোরনোবিলের পর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক সংকট সৃষ্টি হয়েছিল।