০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলছেন, দিনদুপুরে সড়কে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে যানবাহন ও দোকানপাট লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইউক্রেইনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
ছবি: জরুরি বিভাগ, ইউক্রেইন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 10:42 AM

Updated : 17 Sep 2026, 02:58 AM

ইউক্রেইনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি ব্যস্ত শপিং মলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার হানঝা জানান, আহতদের মধ্যে আটটি শিশু রয়েছে।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলছেন, দিনদুপুরে সড়কে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে যানবাহন ও দোকানপাট লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

বিবিসি লিখেছে, ইউক্রেইনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, মূল রাস্তা ও শপিং মলের সামনে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়ার মধ্যে তা নেভানোর চেষ্টা করছেন।

এই হামলায় গভীর শোক প্রকাশ করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “দোকানপাটের কাছে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষকে হত্যা করতে ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।”

এ হামলাকে রাশিয়ার ‘জোরজবরদস্তির কৌশল’ আখ্যা দিয়েছেন ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।

তিনি বলেন, “বেসামরিক নাগরিকদের ওপর লাগাতার হামলা চালিয়ে ইউক্রেইনীয়দের ক্লান্ত করা এবং ইউক্রেইনকে ছাড় দিতে বাধ্য করাই রাশিয়ার মূল উদ্দেশ্য।”

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব পাভলোহরাদে এর আগেও বড় ধরনের হামলা চালিয়েছিল মস্কো। গত মাসেই শহরের একটি গুদামে হামলায় দুজন নিহত হন বলে জানিয়েছে বিবিসি। 

চলতি সপ্তাহে ইউক্রেইনের আরও একাধিক শপিং মলকে নিশানা করেছে রুশ বাহিনী।

বুধবার সুমি শহরের একটি মলে ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন। বৃহস্পতিবার সুমিতে পৃথক বিমান হামলায় আরও আটজন আহত হন।

এর আগে সোমবার জাপোরিঝঝিয়া শহরের একটি শপিং মল রুশ হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তবে সেটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত মাসে ক্রিভি রিহ শহরের একটি বাণিজ্যিক কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জন আহত হন, যা শপিং মলে চালানো অন্যতম রক্তক্ষয়ী হামলা।

একইভাবে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেইনের অঞ্চলেও বিভিন্ন শপিং মল আক্রান্ত হয়েছে। 

সোমবার দোনেৎস্ক অঞ্চলের বন্দর নগরী মারিউপোলে এবং গত মাসে দোনেৎস্ক শহরের শপিং মলে ইউক্রেইনীয় ড্রোন হামলার তথ্য জানায় রুশ কর্তৃপক্ষ।

অন্যদিকে রাশিয়ার তরফ থেকেও নিজেদের ভূখণ্ড ও অধিকৃত অঞ্চলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দাবি করা হয়েছে।

রুশ কর্মকর্তারা জানান, বুধবার রাতে কৃষ্ণসাগরের সোচি রিসোর্ট শহরের উপকূলে ইউক্রেইনীয় সামুদ্রিক ড্রোন হামলায় দুই শিশুসহ ২৮ জন আহত হন।

বৃহস্পতিবার বেলগোরোদ অঞ্চলের নোভি ওস্কোল শহরে ইউক্রেইনীয় ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হন।

এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝঝিয়ায় একটি গাড়িতে ইউক্রেইনীয় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত এবং ৬ বছরের এক শিশুসহ দুই নারী আহত হন। ওই একই অঞ্চলে বেসামরিক ট্রাকে পৃথক হামলায় আরেকজন নিহত হন বলে জানিয়েছে মস্কো।

সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাঠানো বিশেষ প্রতিনিধিরা সম্প্রতি মস্কোয় পুতিন এবং কিইভে জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেও তাতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।