১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘যুদ্ধ থামতেই হবে’, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনকে ট্রাম্পের বার্তা

সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রায় এক ঘণ্টা বৈঠক হয়েছে। ট্রাম্প বৈঠক ‘ভাল’ হয়েছে বললেও বিস্তারিত কিছু জানাননি।

‘যুদ্ধ থামতেই হবে’, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনকে ট্রাম্পের বার্তা
ভলোদিমির জেলেনস্কি ও ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 10:32 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে তার বার্তা হচ্ছে- ইউক্রেইন যুদ্ধ অবসান হতেই হবে।

সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে ‘ভাল’ বৈঠক হয়েছে জানিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেছেন ট্রাম্প।

জেলেনস্কির সঙ্গে তিনি প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন। বৈঠক ভাল হয়েছে বললেও আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু ট্রাম্প জানাননি। এর আগে বুধবার ট্রাম্প জানিয়েছিলেন, “শান্তি চুক্তি মোটামুটি কাছের পর্যায়ে পৌঁছেছে।”

বৃহস্পতিবারের বৈঠক শেষে সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন, “আমি মনে করি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক ভাল হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।” 

মার্কিন দূতরা আলোচনার জন্য এদিনই মস্কো যাচ্ছে বলে জানান তিনি। পুতিনের জন্য তার বার্তা কী—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “যুদ্ধ থামতেই হবে।”

সপ্তাহের শুরুতে জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে যাবেন না। বরং দেশের বিদ্যুৎ সংকট ও রুশ হামলার কারণে তিনি কিইভেই অবস্থান করবেন।

তবে শর্ত দিয়ে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেইনের নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অর্থায়ন নিয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তি করার সুযোগ থাকলেই কেবল তিনি দাভোসে যাবেন।

তবে কোনও চুক্তি হয়েছে কিনা সে বিষয়ে বৈঠকের পর ঘোষণা আসেনি।  ট্রাম্প দ্বিতীয়ভার ক্ষমতায় ফেরার পর থেকে দুই নেতা অন্তত ছয়বার সরাসরি সাক্ষাৎ করেছেন। 

ট্রাম্প ইউক্রেইন যুদ্ধ থামানোর চেষ্টায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের অবস্থান বদলে রাশিয়ার সঙ্গে কূটনীতিতে ঝুঁকেছেন। ওদিকে, ইউক্রেইনে চলমান রুশ হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। 

তবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেছেন, “দুই পক্ষ সমাধান চাইলে সমস্যা সমাধান হবে। আমি মনে করি আমরা আনেকটাই অগ্রগতি অর্জন করেছি।”