হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাজ্য–ফ্রান্সের উদ্যোগে বৈঠকে বসছে ৪০ দেশ
পরিস্থিতি অনুকূল হলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা যে হরমুজ সচল করতে ভূমিকা পালনে প্রস্তুত, ওয়াশিংটনকে সেই বার্তাই দিতেই এই বৈঠক।
হরমুজ প্রণালি পুনরায় সচল করতে বৈঠকে বসছে বিশ্বের প্রায় ৪০টি দেশ। ফ্রান্স ও যুক্তরাজ্যের সভাপতিত্বে শুক্রবার প্যারিসে এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
মূলত পরিস্থিতি অনুকূল হলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা যে এই গুরুত্বপূর্ণ নৌপথটি সচল রাখতে ভূমিকা পালন করতে প্রস্তুত, ওয়াশিংটনকে সেই বার্তাই দিতেই এই বৈঠক।
ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে বৈঠকে বসতে চলা এই দেশগুলো কেবলমাত্র ইরান যুদ্ধ শেষ হলেই হরমুজ প্রণালি স্বাভাবিক করার অভিযান শুরুর ওপর জোর দিচ্ছে।
সেই অভিযানে তারা যুদ্ধজাহাজ, সেনা পাঠানোসহ অন্যান্য সহায়তা দিতেও প্রস্তুত।
অবরোধ নিয়ে মতভেদ:
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান নিজেদের ছাড়া অন্য সব দেশের জাহাজ চলাচলের জন্য এই প্রণালিটি প্রায় বন্ধ করে দেয়।
পরে গত সোমবার থেকে হরমুজ প্রণালিতে ইরানি বন্দর থেকে আসা যাওয়া করা সব ধরনের জাহাজ যাতায়াতের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই অবরোধ কার্যকর করতে নেটো মিত্রদের সহায়তা চাইলেও তারা এতে সরাসরি যোগ দেয়নি।
যুক্তরাজ্য ও ফ্রান্সসহ অন্যান্য নেটো দেশগুলোর মতে, এই মুহূর্তে অবরোধে যোগ দেওয়ার অর্থ হল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। তবে একটি স্থায়ী যুদ্ধবিরতি হলে বা যুদ্ধ শেষ হলে তারা এই নৌপথটি উন্মুক্ত রাখতে সহযোগিতা করতে রাজি।
বৈঠকের লক্ষ্য:
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই রুট দিয়ে পরিবাহিত হয়।
বৈঠকে আমন্ত্রিত দেশগুলোর কাছে পাঠানো এক নোটে বলা হয়েছে, এই বৈঠকের প্রধান লক্ষ্য হল হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচলকে কূটনৈতিক সমর্থন জানানো এবং আন্তর্জাতিক আইনকে সম্মান দেখানো।
এছাড়া যুদ্ধে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোসহ ২০ হাজারের বেশি নাবিকের নিরাপত্তা এবং জাহাজ শিল্প যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।
পরিস্থিতি অনুকূলে এলে হরমুজে একটি বহুজাতিক ‘প্রতিরক্ষামূলক’ সামরিক অভিযানের জন্য সেনা ও সমরিক সাহসরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে।
ওমানে হতে পারে পরিচালনা কেন্দ্র:
তিন ইউরোপীয় কূটনীতিক জানিয়েছেন, ওমানে এই অভিযান পরিচালনার জন্য একটি কেন্দ্র স্থাপন করার ঘোষণা আসতে পারে বৈঠক থেকে।
তবে এই অভিযানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার মাধ্যমে নতুন কোনও ভবিষ্যৎ আইনি কাঠামো প্রয়োজন কি না, তা নিয়ে দেশগুলোর মধ্যে কিছুটা মতভেদ রয়েছে।
বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি আসার কথা রয়েছে, যেখানে হরমুজ প্রণালিতে কোনও ধরনের টোল বা মাশুল আরোপের বিরোধিতার বিষয়টি
পুনর্ব্যক্ত করা হবে এবং অবদান রাখতে ইচ্ছুক দেশগুলোকে ভবিষ্যতে কূটনৈতিক, সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক যে কোনওভাবে অবদান রাখার জন্য আহ্বান জানানো হবে।
শীর্ষ নেতাদের অংশগ্রহণ:
প্যারিসের এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এবং ইতালিয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
এছাড়া ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেবেন।
