ইরানের সঙ্গে সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে নারাজ ভ্যান্স, সময়সীমা নিয়েও নেই উত্তর
এ সপ্তাহে ইরান-যুক্তরাষ্ট্র নতুন করে লড়াই শুরুর পরও মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, মূল সামরিক অভিযান শেষ হয়েছে। এ মুহূর্তে কোনও সরাসরি গুলিবিনিময় চলছে না।
ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে নারাজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একইসঙ্গে দুই দেশের মধ্যকার এই সংঘাত কবে নাগাদ শেষ হতে পারে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভ্যান্স একথা বলেন। পশ্চিম এশিয়ার এই সংঘাত সপ্তম মাসে গড়ালেও এবং সাময়িক বিরতির পর চলতি সপ্তাহে ফের হামলা-পাল্টা হামলা শুরু হলেও পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা চলছে না।
‘যুদ্ধ বলতে নারাজ ওয়াশিংটন’
সংঘাত বন্ধের সময়সীমা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, “কবে নাগাদ এই সংঘাত শেষ হবে তা ইরানিদের ওপর নির্ভর করছে। তারা ঠিক কবে বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধ করবে? আমি মনে করি বাস্তবতা হল, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই।”
ইরান বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত তেহরানের সঙ্গে যে কোনও ধরনের আলোচনার সম্ভাবনা স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রশংসা করেন ভ্যান্স। তার দাবি, ওয়াশিংটনের এসব তৎপরতার কারণেই বিশ্বব্যাপী বড় ধরনের জ্বালানি সংকট এড়ানো সম্ভব হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গে একে ‘যুদ্ধ’ বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
এ সপ্তাহে ইরান-যুক্তরাষ্ট্র নতুন করে লড়াই শুরুর পরও ভ্যান্স বলেন, “মূল সামরিক অভিযান শেষ হয়েছে। এখন আমাদের মূল মনোযোগ হল ইরান যেন বাণিজ্যিক তেলবাহী জাহাজে বিঘ্ন ঘটাতে না পারে।”
"আমি একে যুদ্ধ বলব না। এই মুহূর্তে কোনও সরাসরি গুলিবিনিময় চলছে না। তবে আমি মানছি যে, এমন কিছু জায়গা আছে যেখানে
এটি নতুন করে ছড়িয়ে পড়েছে।”
রাজনৈতিক চাপ ও তেলের বাজার
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে এই দীর্ঘায়িত সংঘাত ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর বড় ধরনের অভ্যন্তরীন রাজনৈতিক চাপ তৈরি করেছে।
তেলের ঊর্ধ্বমুখী দাম এবং জনমতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার পতন রিপাবলিকান পার্টির জন্য কংগ্রেসে তাদের স্বল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পথ কঠিন করে তুলছে।
কিছুদিন শান্ত থাকার পর গত মঙ্গলবার ইরানের উপকূলীয় সামরিক কেন্দ্রগুলোতে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে গত জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
যুদ্ধের প্রথম দিকের তীব্রতা কিছুটা কমলেও এখনও পশ্চিম এশিয়ায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছে। সমুদ্রসীমায় কঠোর অবরোধ বজায় রাখতে ট্রাম্প প্রশাসন ওই অঞ্চলে অন্তত ২০টি রণতরী মোতায়েন রেখেছে।
বিশাল এই সামরিক জোগান দিতে গিয়ে ইউরোপ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে বিপুলসংখ্যক সেনা সরাতে হয়েছে ওয়াশিংটনকে। এমনকি অনেক ক্ষেত্রে মার্কিন সেনা সদস্যদেরকে প্রত্যাশিত মেয়াদের চেয়েও বেশি সময় ধরে ওই অঞ্চলে মোতায়েন রাখতে হচ্ছে।
