১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরান যুদ্ধকে ‘চোরাবালি’ বলায় ডেমোক্র্যাট আইনপ্রণেতার ওপর চটলেন হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কোনও চোরাবালিতে আটকে নেই দাবি করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এ ধরনের মন্তব্য আমেরিকার শত্রুদের হাতে প্রচারণার রসদ জোগাচ্ছে।

ইরান যুদ্ধকে ‘চোরাবালি’ বলায় ডেমোক্র্যাট আইনপ্রণেতার ওপর চটলেন হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 01:55 AM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের ‘কৌশলগত দিকনির্দেশনা’ নিয়ে প্রশ্ন তুলে এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘গুরুতর আত্মঘাতী ক্ষত’ হিসেবে বর্ণনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জন গারামেন্ডি। 

তবে তার এই কঠোর সমালোচনাকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করে পাল্টা জবাব দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ইরান যুদ্ধ শুরুর পর বুধবার বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সামনে হাজির হয়ে প্রথমবার প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

ইরান যুদ্ধ নিয়ে কমিটির শুনানিতে প্রশ্ন তুলেছিলেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা গারামেন্ডি।

সমালোচনা করে তিনি বলেন, এই যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত, শত শত আহত এবং হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যুদ্ধের ফলে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া অনুমেয়ই ছিল।

হেগসেথকে লক্ষ্য করে এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য বলেন, “আপনি এবং প্রেসিডেন্ট, উভয়ই প্রথম দিন থেকেই এই যুদ্ধ নিয়ে আমেরিকার জনগণের কাছে মিথ্যা বলে আসছেন।”

গারামেন্ডি এই যুদ্ধ কৌশলকে ‘চরম অযোগ্যতা’ হিসেবে বর্ণনা করে বলেন, তেহরানের শাসনব্যবস্থা এখনও অটুট আছে, এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থাও ধ্বংস করা যায়নি। উল্টো এই যুদ্ধ চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সমন্বয়কে আরও শক্তিশালী করেছে।

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধের ‘চোরাবালিতে’ আটকে গেছেন।

গারামেন্ডির এই বক্তব্য ‘বেপরোয়া’ বলে প্রত্যাখ্যান করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প কোনও চোরাবালিতে আটকে নেই দাবি করে তিনি বলেন, এ ধরনের মন্তব্য আমেরিকার শত্রুদের হাতে প্রচারণার রসদ জুগিয়ে দিচ্ছে।

গারামেন্ডিকে উদ্দেশ্য করে হেগসেথ আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আপনার ঘৃণা আপনাকে অন্ধ করে রেখেছে।”

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মার্কিন আইনপ্রণেতাদের জেরার মুখোমুখি হলেন হেগসেথ।

ইরান যুদ্ধের খরচ মেটাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাজেট বাড়িয়ে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন।

বাজেট বাড়ানোর বিষয়টির যৌক্তিকতা তুলে ধরতেই যুক্তরাষ্ট্রের হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সামনে বুধবার হাজির হন হেগসেথ।