অধিবাসীদের গাজা সিটি ছাড়ার নির্দেশ দিল ইসরায়েল
তবে ফিলিস্তিনিরা বলছে, তাদের যাওয়ার নিরাপদ কোনও জায়গা নেই। দক্ষিণের বিভিন্ন স্থানেও তারা হামলার মুখে পড়ছে।
অবরুদ্ধ গাজা সিটি থেকে অধিবাসীদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। উত্তর গাজায় অভিযান জোরদার হওয়ার মুখে বুধবার ইসরায়েল বিমান থেকে লিফলেট ছড়িয়ে জরুরি ভিত্তিতে অধিবাসীদের সরে যেতে বলেছে।
তবে ফিলিস্তিনিরা বলছে, তাদের যাওয়ার নিরাপদ কোনও জায়গা নেই। দক্ষিণের বিভিন্ন স্থানেও তারা হামলার মুখে পড়ছে। বেশির ভাগ মানুষই তাঁবুতে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে বলে খবর পাওয়া যাচ্ছে।
আরব নিউজ জানায়, গাজার মধ্য, দক্ষিণ এবং উত্তরে বোমা হামলা চলছে। ওদিকে, কর্মকর্তারা কাতারে বসে একটি যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন।
আরব গণমাধ্যমের কয়েকটি খবরে বলা হয়েছে, নুসেইরাত শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজায় সকালের দিকে ইসরায়েলের হামলায় ৪ শিশুসহ অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসের কাছেও মঙ্গলবার একটি স্কুলে হামলায় সেখানে আশ্রয় নিয়ে থাকা অন্তত ২৯ জন নিহত হয়।
ইসরায়েলের হামলায় যে কেবল নিহতের সংখ্যা বাড়ছে তাই নয়, সীমান্তে কড়াকড়ির কারণে গাজায় ত্রাণ সরবরাহও ব্যাহত হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার কর্মীরা ইসরায়েলের বিরুদ্ধে মানুষজনকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখার অভিযোগ করেছে।
হামলা থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য বার বার ইসরায়েলের সেনাবাহিনীর দেওয়া নির্দেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
গত দুই সপ্তাহ ধরেই ইসরায়েলি বাহিনী গাজার মানুষজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে আসছে। তারা গাজা সিটির বিভিন্ন স্থানে নতুন করে অভিযান চালাতে ঢুকছে। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ ওই স্থানগুলোতে পুনরায় সংগঠিত হচ্ছে-এমন ধারণা থেকে ইসরায়েল ওইসব জায়গায় পুনরায় অভিযান চালাচ্ছে।
