১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিধানসভায় আস্থা ভোটের পরীক্ষায় বড় জয় পেলেন বিজয়

সুপারস্টার অভিনেতা বিজয় গত মাসের বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে জয়ী করে তামিলনাডুর রাজনীতিতে আলোড়ন তোলেন।

বিধানসভায় আস্থা ভোটের পরীক্ষায় বড় জয় পেলেন বিজয়
তামিলাগা ভেট্টি কাজগমের (টিভিকে) দলনেতা তামিলনাডুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 02:37 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ভারতের তামিলনাডু রাজ্যের বিধানসভায় একটি নাটকীয় আস্থা ভোটে বড় জয় পেয়েছে তামিলাগা ভেট্টি কাজগমের (টিভিকে) দলনেতা মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের নবগঠিত সরকার। 

সুপারস্টার অভিনেতা থেকে রাজনীতিকে পরিণত হওয়া বিজয় গত মাসের বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে জয়ী করে তামিলনাডুর রাজনীতিতে আলোড়ন তোলেন।  

বুধবার রাজ্যটির বিধানসভার ভোটাভুটিতে বিজয়ের সরকারের পক্ষে সমর্থন দেন ১৪৪ জন বিধায়ক, বিপক্ষে ভোট দেন ২২ জন আর ভোটদানে বিরত ছিলেন পাঁচজন। আস্থা ভোটের তরী পার হওয়ার জন্য বিজয়ের দরকার ছিল ১১৮ বিধায়কের সমর্থন, তার চেয়ে অনেক বেশি পেয়ে জয়ী হলেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, ভোটের আগে বিধানসভা কক্ষ থেকে ওয়াক আউট করেন সাবেক মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্রা কাজাগামের (ডিএমকে) ৫৯ জন বিধায়ক। আর বিধানসভায় তৃতীয় স্থানে থাকা আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এডিএমকে) দল ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল। 

কিন্তু দলনেতা ইকে পলানীস্বামীর নির্দেশ সত্ত্বেও সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার দল এডিএমকের ২৫ জন ‘বিদ্রোহী’ বিধায়ক বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে অটল থেকে তার নেতৃত্বাধীন সরকারের পক্ষে সমর্থন জানান। 

পর্যবেক্ষক মহলের ধারণা, ২৫ বিধায়কের এমন পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে এডিএমকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়তে পারে।  

ভোটের ফল ঘোষণার পর বিজয় বলেন, “বাঁশি (টিভিকের নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা আমাদের সংখ্যালঘু সরকার বলবো। এ সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।”  

টিভিকের জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়কেরা সবাই আস্থা ভোটে বিজয়ের সরকারের পক্ষে ভোট দেন।