১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কৃষ্ণসাগরে হামলা: ইউক্রেইনের বন্দরে আটকা ১৩ ভারতীয় নাবিক, উদ্ধারের আকুতি

ইউক্রেইনের চর্নোমোরস্ক বন্দরে আটকা পড়া জাহাজের ১৫ জন নাবিকের ১৩ জনই ভারতীয়। তারা প্রাণঘাতী পরিস্থিতিতে রয়েছে উল্লেখ করে উদ্ধারের আকুতি জানিয়েছে ফরওয়ার্ড সি-মেনস ইউনিয়ন অব ইন্ডিয়া।

কৃষ্ণসাগরে হামলা: ইউক্রেইনের বন্দরে আটকা ১৩ ভারতীয় নাবিক, উদ্ধারের আকুতি
ছবি: এক্স/এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 08:17 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

কৃষ্ণসাগর উপকূলে চলমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইউক্রেইনের চর্নোমোরস্ক বন্দরে ‘এমভি আমির ১’ নামের একটি পণ্যবাহী জাহাজে অন্তত ১৩ জন ভারতীয় নাবিক আটকা পড়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, জাহাজটিতে থাকা মোট ১৫ জন নাবিকের মধ্যে ১৩ জনই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ফরওয়ার্ড সি-মেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নাবিকদের সংগঠনটি জানায়, অবরুদ্ধ এই নাবিকরা প্রাণঘাতী পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং যে কোনো মুহূর্তে সরাসরি হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

কৃষ্ণসাগরের ওই বন্দর এলাকায় রাশিয়া ও ইউক্রেইনের চলমান সংঘাতের মধ্যে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এফএসইউআই ভারত সরকার, জাহাজটির মালিকপক্ষ, পতাকাবাহী দেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে লিখেছে, “সংঘাতপূর্ণ অঞ্চলে ভারতীয় নাবিকদের এভাবে সহজ লক্ষ্যবস্তু বানিয়ে রাখা যাবে না। এখনই পদক্ষেপ নিন।”

সংগঠনটির শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, জাহাজের আশপাশের এলাকা থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে, যা বন্দরটির চরম নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে।

তবে ১৩ জন ভারতীয় নাবিক বিপদে পড়ার এই সংবাদের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট জাহাজ কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক সময়ে একের পর এক হামলার ঘটনার মধ্যেই এই ঘটনা ঘটল।

এর আগে গত সপ্তাহে কৃষ্ণসাগরে ‘এমভি ওমর্ফি’ নামের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন।

ওই ঘটনায় ভারতে নিযুক্ত ইউক্রেইনের রাষ্ট্রদূত ওলেকসান্দর পলিশচুককে তলব করে তীব্র প্রতিবাদ জানায় নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে যে কোনও ধরনের হামলার কড়া নিন্দা জানিয়ে কিইভকে এই বিষয়ে দিল্লির গভীর উদ্বেগের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে।