Published : 06 Sep 2025, 12:33 PM
পুরো ‘মুম্বাই শহর কেঁপে উঠবে’ এমন বোমা হামলার ‘ভুয়া’ হুমকি পাঠানোর অভিযোগে উত্তর প্রদেশের নয়ডা থেকে একজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
সন্দেহভাজন ওই ব্যক্তির নাম অশ্বিনী কুমার, তার বয়স ৫১ ও বিহারে জন্মেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশায় জ্যোতিষী, তিনি ৫ বছর ধরে নয়ডায় বসবাস করছেন, বলেছে পুলিশ।
তারা ওই ব্যক্তির কাছ থেকে তার ফোন ও সিম কার্ড জব্দ করেছে এবং নয়ডা থেকে তাকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে।
এ গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নাম্বারে এক হুমকি বার্তা আসে। যেখানে বলা হয়, শহরজুড়ে ৩৪টি ‘মানব বোমা’ পেতে রাখা হয়েছে এবং ১৪ পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে।
“লস্কর-ই-জিহাদি নামে একটি সংগঠন দাবি করেছে যে ১৪ পাকিস্তানি সন্ত্রাসী ভারতে ঢুকেছে। বিস্ফোরণে ৪০০ কেডি আরডিএক্স ব্যবহার করা হবে বলেও হুমকি দেওয়া বার্তায় বলা হয়েছে,” বলে মুম্বাই পুলিশ।
অনন্ত চতুর্দেশী বা গণেশ বিসর্জনের প্রাক্কালে এমন হুমকি পেয়ে পুলিশ সতর্ক হয়। ‘ভুয়া হুমকি’ বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও তারা কোনো ঝুঁকি নিতে চায়নি। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ শুক্রবার সতর্কতার মাত্রা বাড়ায়, বাড়ানো হয় শহরের নিরাপত্তাও।
‘৩৪টি বোমা, ৪০০ কেজি বিস্ফোরক’: লস্কর-ই-জিহাদির হুমকিতে মুম্বাইজুড়ে সতর্কতা
গণেশ বিসর্জন উপলক্ষে এমনিতেই মুম্বাইয়ে ২১ হাজার পুলিশ মোতায়েন রয়েছে। শনিবার বিসর্জনের দিন শহরটির রাস্তায় লাখ লাখ মানুষের সমাগম হওয়ার কথা। ১০ দিনের উৎসব শেষে এদিন গণেশ পূজারিরা সমুদ্র, জলাশয় ও কৃত্রিম পুকুরে দেবতার মূর্তি বিসর্জন দেবেন বলে জানিয়েছে এনডিটিভি।
অশ্বিনীর বিরুদ্ধে প্রাথমিক অভিযোগনামায় বলা হয়েছে, বন্ধু ফিরোজকে ‘ফাঁসাতে’ তিনি মুম্বাই ট্রাফিক পুলিশকে এ হুমকি দেওয়া বার্তা পাঠিয়েছেন।
পাটনায় বন্ধু ফিরোজের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০২৩ সালে তিন মাস জেলে ছিলেন অশ্বিনী; এর বদলা নিতেই হোয়াটসঅ্যাপে ফিরোজের নামে মুম্বাই ট্রাফিক পুলিশকে ওই হুমকি বার্তা পাঠান তিনি।
অশ্বিনীর কাছ থেকে ৭টি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, ৬টি মেমোরি কার্ড হোল্ডার, একটি এক্সটার্নাল সিম স্লট, দুটি ডিজিটাল কার্ড, চারটি সিম কার্ড হোল্ডার ও একটি মেমোরি কার্ড হোল্ডার জব্দ করা হয়েছে, জানিয়েছে হিন্দুস্তান টাইমস।