Published : 28 Feb 2026, 12:27 PM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘গ্রাফিতি টাওয়ার্স’ নামে পরিচিত এক দেউলিয়া প্রকল্প ৪৭০ মিলিয়ন ডলারে অধিগ্রহণ করতে যাচ্ছে কেপিসি গ্রুপ এবং আগের ঠিকাদার লেন্ডলিজের যৌথ উদ্যোগ (জেভি)।
সিবিএস নিউজ লিখেছে, ২০২৪ সালে দুই ডজনেরও বেশি তলার গ্রাফিতি ভিডিও ভাইরাল হওয়ার পর ‘ওশানওয়াইড প্লাজা’ নামে পরিচিত এই পরিত্যক্ত উচ্চ-অট্টালিকা প্রকল্পটি আলোচনায় আসে।
দেউলিয়া কার্যক্রম চলাকালে সোমবার নতুন ক্রেতা হিসেবে সামনে এসেছে কেপিসি গ্রুপ, যার মালিক কালী প্রদীপ চৌধুরী। ডেভেলপমেন্ট ফার্মটি প্রকল্পের মূল ঠিকাদার লেন্ডলিজের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তারা ফেডারেল দেউলিয়া আদালতে ৪৭০ মিলিয়ন ডলারের প্রাথমিক ক্রয়চুক্তি দাখিল করেছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে এর চেয়ে বেশি দরের প্রস্তাব না এলে আদালত এ চুক্তি অনুমোদন করতে পারে।
চৌধুরীর এক বিবৃতিতে বলা হয়, “আমরা এমন একটি রূপান্তরমূলক বিনিয়োগ নিয়ে এগোতে পেরে উচ্ছ্বসিত, যা ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ অংশকে পুনরুজ্জীবিত করার পথ তৈরি করবে। ডাউনটাউন পুনরুদ্ধারের প্রশ্নে এই প্রকল্পটি সত্যিকার অর্থে একটি মাইলফলক হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা হচ্ছে এই ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস। সেখানে তিন টাওয়ারের কমপ্লেক্সে আবাসিক ও খুচরা বাণিজ্যিক স্থান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল, যা ক্রিপ্টো ডটকম অ্যারেনা এবং লস অ্যাঞ্জেলেস কনভেনশন সেন্টারের কাছে অবস্থিত।
ব্লুমবার্গ লিখেছে, তিনটি টাওয়ারের মধ্যে একটি ৫৫ তলা, দুটি ৪২ তলা টাওয়ার, একটি ১১ তলা হোটেল এবং একটি বিশাল ইলেকট্রনিক বিলবোর্ড প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। ১.২ বিলিয়ন ডলার ব্যয় করে এ প্রকল্পের নির্মাণকাজ ৬০ শতাংশ সম্পন্ন হওয়ার পর ২০১৮ সালে কাজ বন্ধ হয়ে যায়, কারণ চীনভিত্তিক ডেভেলপারের অর্থ শেষ হয়।
সিবিএস নিউজ লিখেছে, অসংখ্য গ্রাফিতির পাশাপাশি এই টাওয়ারগুলো সোশাল মিডিয়ার নানা দুঃসাহসিক কর্মকাণ্ডের স্থানেও পরিণত হয়—যেমন ৪৯ তলার উচ্চতম টাওয়ারের ছাদ থেকে বেস জাম্পিং এবং দুটি টাওয়ারের মাঝখানে টাইটরোপে হাঁটা। ঘন ঘন অনুপ্রবেশের ঘটনায় ২০২৪ সালের শুরুতে ডজনখানেক ব্যক্তিকে গ্রেপ্তার হয়।
ওই এলাকায় অবৈধ কার্যক্রম মোকাবিলায় লস অ্যাঞ্জেলেস সিটি কর্তৃপক্ষ ১২তম স্ট্রিট থেকে ফিগুয়েরোয়া স্ট্রিট ও ফ্লাওয়ার স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় বেড়া স্থাপনের জন্য ১.১ মিলিয়ন ডলার অনুমোদন করেছিল। ভাঙচুর বেড়ে যাওয়ায় এলাকায় সাময়িকভাবে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।
গত সপ্তাহে ওই প্রকল্পের বিক্রির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত দেয় আদালত। এ সিদ্ধান্তকে স্বাগত জানান মেয়র ক্যারেন ব্যাসসহ নগরের নেতারা।
ব্যাস বলেন, “ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্রে অবস্থিত অবহেলিত ‘ওশানওয়াইড প্লাজা’ মালিকানার ব্যর্থতার কারণে দীর্ঘদিন ধরে কুৎসিত দৃশ্য হিসেবে দাঁড়িয়ে আছে।
“আমাদের ডাউনটাউনের পুনরুত্থান এবং ঠিক সামনের সড়কে অলিম্পিক ও প্যারালিম্পিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিতে নিতে আমি নতুন মালিকানার সঙ্গে কাজ করে এই প্লাজাটিকে এমন কিছুতে রূপান্তর করতে আগ্রহী, যা আরও বিনিয়োগকে উৎসাহিত করবে এবং যেটি নিয়ে অ্যাঞ্জেলেনোরা গর্ব করতে পারবে।”

ক্রেতার নাম প্রকাশের পর ডাউনটাউনের ওই এলাকার প্রতিনিধি সিটি কাউন্সিল সদস্য ইসাবেল জুরাদো ‘মাইলফলক অর্জন’র কথা বলেছেন।
তার ভাষায়, “কেপিসি গ্রুপ ও লেন্ডলিজ যৌথ উদ্যোগ গঠন করে দীর্ঘদিন পড়ে থাকা ওশানওয়াইড প্লাজাকে অধিগ্রহণ করে তার কাজ সম্পন্ন করতে এগিয়ে এসেছে। তাতে করে এই অবহেলিত সম্পত্তিকে শহরের প্রকৃত সম্পদে রূপান্তরের সুযোগ তৈরি হয়েছে।”
জুরাদো বিবৃতিতে বলেন, “এই মাইলফলক স্পষ্টতই ইঙ্গিত দেয় যে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস উত্থানের পথে রয়েছে। বিক্রির প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাদের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি, যাতে এই স্থানটি কমিউনিটির সেবা করে, জনসম্পদ পুনরুদ্ধার করে এবং যারা ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে বসবাস, কাজ ও বিনিয়োগ করেন, তাদের জন্য বাস্তব উপকার বয়ে আনে।”
কেপিসি গ্রুপ নিজেদের ‘পূর্ণাঙ্গ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ফার্ম’ হিসেবে বর্ণনা করে থাকে, যারা আতিথেয়তা, মিশ্র-ব্যবহার, স্বাস্থ্যসেবা ও বাণিজ্যিক খাতের প্রকল্প অধিগ্রহণ, অর্থায়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞ। ওয়েবসাইট অনুযায়ী, তাদের আগের প্রকল্পের মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে একাধিক স্বাস্থ্যসেবা সুবিধা, হেমেটের একটি বৃহৎ শপিং সেন্টার এবং টেমেকুলা’র মাউন্ট প্যালোমর ওয়াইনারি রয়েছে।
ব্লুমবার্গ লিখেছে, ঠিকাদার হিসেবে কাজ করে আসা সিডনিভিত্তিক লেন্ডলিজ এখন ইকুইটি অংশীদার হিসেবে থাকবে, আর কেপিসি ডেভেলপার হিসেবে কাজ করবে।