০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লোহিত সাগরে হুতিদের হামলা ঠেকাতে আন্তর্জাতিক জোট গড়তে চায় সৌদি আরব

জোটটি কাদের নিয়ে গঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে ডজনখানেক দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।

লোহিত সাগরে হুতিদের হামলা ঠেকাতে আন্তর্জাতিক জোট গড়তে চায় সৌদি আরব
লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 03:22 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে সৌদি আরব।

জোট গঠন নিয়ে আলোচনার বিষয়ে অবগত দুই কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন। তারা জানান, জোটটি কাদের নিয়ে গঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ডজনখানেক দেশের সঙ্গে আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে সৌদি ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন’- এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী গত ২০ জুলাই ঘোষণা দিয়েছিল যে, ইয়েমেনে সৌদি আরবের অবরোধের জবাবে তারা লোহিত সাগরে দেশটির বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করছে। তবে ইয়েমেনে অবরোধের বিষয়টি অস্বীকার করেছে সৌদি আরব।

নৌ অবরোধ ঘোষণার পর থেকে হুতিরা জানিয়েছে, তারা লোহিত সাগরে সৌদি আরবের জাহাজে হামলা চালিয়েছে। জবাবে সৌদি আরবও ইয়েমেনের হুদাইদাহ বন্দরে হুতিদের সামরিক স্থাপনাগুলোয় বিমান হামলা চালিয়েছে।

হুতিরা এই বন্দর ব্যবহার করে বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকি দিত বলে অভিযোগ সৌদি আরবের। হুতিদের নৌ অবরোধ যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বিরুদ্ধে চলমান ইরান যুদ্ধে নতুন এক ফ্রন্ট খুলে দিয়েছে।

পরিবর্তিত পরিস্থিতিতে পারস্য উপসাগরের বাইরের তেল ও অন্যান্য জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারগুলোতে হামলা আরও বেড়েছে। এ কারণে বিশ্ব বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে।