Published : 22 May 2026, 06:26 PM
চীনে তীব্র বেকারত্ব ও চাকরির বাজারে সঙ্কটের কারণে ভালো চাকরি পেতে হিমশিম খাওয়া গ্র্যাজুয়েটদের জন্য শীর্ষস্থানীয় কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে আসছে কমিউনিস্ট পার্টির আদর্শিক নতুন কোর্স, যা তাদেরকে চাকরিক্ষেত্রে অন্যান্যদের তুলনায় বাড়তি সুবিধা করে দেবে।
সরকারি চাকরি ও কর্পোরেট সেক্টরে ভালো ক্যারিয়ার গড়তে এখন 'পার্টি বিল্ডিং' কোর্স করা অন্যতম প্রধান পূর্বশর্ত হয়ে উঠেছে। চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলো অভিজাত শিক্ষার্থীদের জন্য কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের চিন্তাধারা এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাজনৈতিক দর্শনের ওপর কোর্স চালু করছে ।
বেইজিংয়ের পিকিং ও রেনমিন বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষস্থানীয় বিদ্যাপীঠে কমিউনিস্ট পার্টি বিষয়ক বিশেষ কোর্স পড়ানোর পাশাপাশি শি জিনপিংয়ের চিন্তাধারা ও লেখালেখির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘পার্টি বিল্ডিং' বা দলীয় আদর্শ ও সংগঠনের উন্নয়ন বিষয়ক কোর্স চালু করা চীনের সমাজে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চীনা কমিউনিস্ট পার্টির নিরঙ্কুশ নিয়ন্ত্রণ অক্ষুন্ন রাখা এবং রাজনৈতিক শিক্ষা আরও পোক্ত করার চেষ্টারই অংশ। আগামী বছর শি চতুর্থবারের মতো কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হবেন বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী স্নাতক পাশ করলেও চাকরির বাজার অনেকটাই সংকুচিত। সরকারি দপ্তর ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য কমিউনিস্ট পার্টির সদস্য হওয়া এবং রাজনৈতিকভাবে অনুগত থাকা গুরুত্বপূর্ণ।
চীনে সাধারণ বেসরকারি খাতের চেয়ে সরকারি বা চীনা কমিউনিস্ট পার্টি সংশ্লিষ্ট চাকরিগুলো অনেক বেশি স্থিতিশীল ও নিরাপদ হিসাবে দেখা হয়। আর সেখানে দলীয় আনুগত্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
পার্টি বিল্ডিং কোর্সগুলো শিক্ষার্থীদের জন্য মন্দা অর্থনীতির এই সময়ে চাকরির বাজারে প্রতিযোগিতা করতে সহায়ক হয়, তা সরকারি বা বেসরকারি খাত যাই হোক না কেন। ফলে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের মতাদর্শের পাশাপাশি বর্তমান নীতিগুলো আয়ত্ত করা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
পিকিং বিশ্ববিদ্যালয়ের মার্কসিজম বিভাগের পার্টি বিল্ডিং কোর্সের সহকারী অধ্যাপক লি ইয়াং বলেন, “এবছর প্রথমবারের মতো চালু হওয়া এই শিক্ষাক্রম (কারিকুলাম) আমার শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে আরও চাকরির সুযোগ করে দেবে বলে আশা করছি।”
যদিও চীনে এখনও তরুণ গ্র্যাজুয়েটরা যারা বাড়তে থাকা বেকারত্বের সঙ্গে লড়াই করছে, তাদের জন্য রাজনৈতিক ও আদর্শিক শিক্ষার ('পার্টি বিল্ডিং') কোর্সগুলো স্থিতিশীল চাকরির সুযোগ করে দিলেও, তা খুব একটা আকর্ষণীয় আয়ের পথ করে দেয় না। তবে বেসরকারি চাকরির তুলনায় এই চাকরিতে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বেশি থাকে।
চীনা শিক্ষার্থীদের অনেকেই এই কোর্সগুলো পড়ে সুবিধা পাওয়ার বিষয়ে আস্থাশীল। পিকিং বিশ্ববিদ্যালয়ে পার্টি হিস্ট্রি এবং পার্টি বিল্ডিং নিয়ে পড়াশুনা করা এক শিক্ষার্থী এমনই আস্থার সুরে বলেছেন, তিনি যে কোর্স পড়ার জন্য বেছে নিয়েছেন তাতে তিনি সুবিধা পাবেন বলেই আত্মবিশ্বাসী।