১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে নাকচ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের বিপক্ষে পড়ে ২১৪ ভোট এবং পক্ষে পড়ে ২১৩ ভোট।

ইরানে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে নাকচ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 01:39 AM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) মাত্র এক ভোটের ব্যবধানে নাকচ হয়ে গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের বিপক্ষে পড়ে ২১৪ ভোট এবং পক্ষে পড়ে ২১৩ ভোট। এর ফলে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতায় কোনও নতুন আইনি বাধা থাকল না। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার প্রতিনিধি পরিষদে ‘ওয়ার পাওয়ার রেজল্যুশন’ বা যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব তোলা হল। 

ভোটাভুটিতে তীব্র রাজনৈতিক মেরুকরণ দেখা গেছে। ডেমোক্র্যাট দলের সব সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও মাত্র একজন এর বিরোধিতা করেন। 

অন্যদিকে, রিপাবলিকানদের মধ্যে কেবল কেন্টাকির প্রতিনিধি থমাস মাস ছাড়া আর সবাই এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।

১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ার রেজল্যুশন’ বা যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, প্রেসিডেন্ট কোনও সামরিক পদক্ষেপ শুরু করলে সে বিষয়ে কংগ্রেসকে অবহিত করার ৬০ দিনের মধ্যে আনুষ্ঠানিক অনুমোদন পেতে হয়। 

অনুমোদন না পেলে সশস্ত্র বাহিনীর ব্যবহার বন্ধ করতে বাধ্য থাকেন প্রেসিডেন্ট।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।