১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিজয় থালাপাতির চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

তার রাজনৈতিক দলের সমাবেশে পদদলনের ঘটনায় বহু মানুষ নিহত হওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন বিজয়।

বিজয় থালাপাতির চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার
কারুরের সমাবেশে জনতার উদ্দেশে হাত নাড়ছেন তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রধান বিজয় থালাপাতি। ছবি: এএনআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 12:40 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ভারতের অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু হওয়ার পর তার চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

শনিবার রাজ্যের কারুর জেলায় ওই সমাবেশে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৫১ জনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তামিলনাডুর সরকারি সূত্রগুলো জানিয়েছে, তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রধান বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ ‘জনগণের ক্ষোভ তার ওপর গিয়ে পড়তে পারে’।  

২০২৬ সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে ২০২৪ সালে গঠিত হওয়া টিভিকে। কিন্তু দলটির সমাবেশে পদদলনের ঘটনায় বহু মানুষ নিহত হওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন বিজয়। 

দ্রাবিড় মুন্নেত্র কাজাগমের (ডিএমকে) নেতৃত্বাধীন রাজ্য সরকার বিজয়ের সমাবেশে কীভাবে গাইডলাইন লঙ্ঘন করা হয়েছে, তা উল্লেখ করে কঠোর সমালোচনা করা হয়েছে। এর ফলেই শোচনীয় ওই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বলে অভিযোগ করেছে রাজ্য সরকার। 

রাজ্য সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, সমাবেশের আয়োজকরা খাবার ও পানি পানের উপযুক্ত ব্যবস্থা রাখেননি আর এই কারণেই সেখানে লোকজন জ্ঞান হারাতে থাকে। 

দুপুর থেকেই সমাবেশস্থলে নারী, পুরুষ ও শিশুরা জড়ো হতে থাকে। কিন্তু বিজয়ের নির্বাচনী প্রচারণার গাড়িবহর নির্দিষ্ট সময়ের সাত ঘণ্টা পর সমাবেশে উপস্থিত হয়। তখন সন্ধ্যা ৭টা পার হয়ে গেছে। ততক্ষণে জনসভাস্থলে হাজার হাজার মানুষ এসে হাজির হয়েছেন। 

কারুরে বিজয়ের সমাবেশে ধারণার চেয়ে তিনগুণ বেশি মানুষ এসে হাজির হন। ছবি: রয়টার্স 

কারুরে বিজয়ের সমাবেশে ধারণার চেয়ে তিনগুণ বেশি মানুষ এসে হাজির হন

বিজয় ভাষণ দেওয়ার সময় তারা পুলিশের বিধিনিষেধ অগ্রাহ্য করে যে বাসের ছাদকে মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছিল তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। এ সময় কিছু মানুষ জ্ঞান হারান। কিন্তু বিজয় বক্তৃতা চালিয়ে যান আর সমাবেশস্থলে অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে দেওয়া হয়নি বলে রাজ্য কর্মকর্তারা অভিযোগ করেছেন। 

তারা জানান, ঘটনার পর বিজয় ত্রিচ্য বিমানবন্দরে চলে যান আর প্রাইভেট ফ্লাইটে করে চেন্নাই ফেরেন। 

টিভিকের এক মুখপাত্র দাবি করেছেন, ওই সমাবেশে তারা পুলিশের সব গাইডলাইন অনুসরণ করেছেন। তিনি বলেছেন, এই শোচনীয় ঘটনায় বিজয় খুব মনোকষ্টে ভুগছেন, তিনি তামিলনাডুর জনগণকে ভালোবাসেন।  

সমাবেশে নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করার অভিযোগে টিভিকের কারুর পশ্চিম জেলা সম্পাদক পুলিশের দায়ের করা এক মামলার মুখোমুখি হয়েছেন। 

আরও পড়ুন:

তামিলনাডুতে বিজয় থালাপাতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু