২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ভিসায় ৪০ সহস্রাধিক আফগানের যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইট স্থগিত

অনিশ্চয়তায় পড়া এই আফগানরা দেশের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতিশোধ গ্রহণের শিকার হতে পারেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তের কারণে বিশেষ অভিবাসন ভিসায় ৪০ হাজারের বেশি আফগান নাগরিকের যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইট স্থগিত হয়ে গেছে।

অনিশ্চয়তায় পড়া এই আফগানরা এখন দেশের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতিশোধ গ্রহণের শিকার হতে পারেন। প্রভাবশালী এক আইনজীবী ও এক মার্কিন কর্মকর্তা শনিবার এ তথ্য জানান।

আফগানদের নিয়ে কাজ করা অলাভজনক বেসরকারি সংগঠন ‘হ্যাশআফগানইভ্যাক’–এর প্রধান শন ভ্যানডাইভার বলেন, আটকা পড়া আফগানদের অধিকাংশই আফগানিস্তানে। আর বাকিরা পাকিস্তান, কাতার ও আলবেনিয়ায় আটকা পড়েছেন।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের আগে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর দীর্ঘ ২০ বছরের সন্ত্রাসবিরোধী যুদ্ধে বহু আফগান যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন। সেই আফগানদেরই দেশত্যাগ ও পুনর্বাসনে কাজ করছেন প্রবীণ কিছু অভিজ্ঞ ব্যক্তি ও পরামর্শদাতা গোষ্ঠীগুলোর জোট ‘হ্যাশআফগানইভ্যাক’।

ট্রাম্প গত সোমবার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে যেসব নির্বাহী আদেশ সই করেছিলেন তারই একটিতে বিশ্বে প্রায় সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেন। বিদ্যমান সহায়তা কার্যক্রম স্থগিতের পাশাপাশি নতুন করে কোনও সহায়তা দেওয়া বন্ধের নির্দেশ দেন তিনি।

ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিদ্যমান সব বৈদেশিক সহায়তা কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিত রাখা হবে। এ সময়ের মধ্যে এসব সহায়তা কার্যক্রম পুনর্মূল্যায়ন করা হবে এবং ট্রাম্পের আমেরিকা সর্বাগ্রে পররাষ্ট্রনীতির সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশেষজ্ঞ ও পরামর্শদাতা গোষ্ঠীগুলো বলছে, বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণায় যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক ত্রাণসহায়তা কর্মসূচিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ ঘোষণার ফলে বিশ্বের পুষ্টি, স্বাস্থ্য, টিকাদান ও অন্যান্য কর্মসূচিও স্থগিত হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রে বাস করতে আগ্রহী আফগানদের বিশেষ অভিবাসন ভিসার (এসআইভি) আওতায় দেশটিতে আবাসন, স্কুল ও চাকরি সুবিধা নিশ্চিত করতে কাজ করা বিভিন্ন সংগঠনের তহবিলে অর্থায়নও আটকে গেছে এ সিদ্ধান্তে।

গতবছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার চালানোর সময়ই ডনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

‘হ্যাশআফগানইভ্যাক’–এর প্রধান শন ভ্যানডাইভার বলেন, “যুক্তরাষ্ট্রের বিশেষ অভিবাসন ভিসার অনুমোদন পাওয়া আফগানদের ফ্লাইট স্থগিত করা উদ্দেশ্যমূলক বলে আমি মনে করি না। আমার ধারণা, এটি ভুলক্রমে হয়েছে।”

 তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তাদের সিদ্ধান্ত থেকে আফগানদের বাদ রাখবে বলেই তিনি আশা করেন। কারণ, আফগানিস্তানে যুদ্ধ চলাকালে এই আফগানরা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে কাজ করেছিলেন। ২০২১ সালের অগাস্টে আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ওই যুদ্ধের অবসান ঘটেছিল।

“এই আফগানরা আমাদের পাশে থেকে লড়াই করেছেন, আমাদের পাশে থেকে রক্ত ঝরিয়েছেন,” বলেন ভ্যানডাইভার। এসআইভি আবেদন মঞ্জুর হওয়ার অপেক্ষায় আরও হাজারো আফগান আছেন বলেও জানান তিনি।

তবে এ প্রসঙ্গে হোয়াইট হাউজ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনও সাড়া দেয়নি।

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র–সমর্থিত সাবেক আফগান সরকারের সেনা ও কর্মকর্তাদের আটক, নির্যাতন ও হত্যা করেছে তালেবান। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে।