১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আগুনে ২১ জনের মৃত্যুর পর অগ্নি নিরাপত্তা লঙ্ঘন দমনে নামছে দিল্লি

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়েরের পর হোটেল ভবনটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

আগুনে ২১ জনের মৃত্যুর পর অগ্নি নিরাপত্তা লঙ্ঘন দমনে নামছে দিল্লি
দিল্লির একটি হোটেল আগুনে পুড়ে যাওয়ার পরদিন ঘটনাস্থলে বসে আছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 05:31 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ভারতের রাজধানীতে আগুনে ২১ জনের মৃত্যুর পর অগ্নি নিরাপত্তা লঙ্ঘনকারী ভবন ও সম্পত্তিগুলোর বিরুদ্ধে অভিযানে নামতে যাচ্ছে দিল্লি সরকার।   

বুধবার দিল্লির দক্ষিণ অংশের মালভিয়া নগরের একটি হোটেলে লাগা ওই আগুনে নিহতদের মধ্যে ১২ জন বিদেশি বলে জানিয়েছে রাজধানী অঞ্চলের মুখ্যমন্ত্রীর দপ্তর। 

এই ঘটনাটি ২০২২ সালের পর থেকে নগরীটিতে ঘটা সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড। মালভিয়ার ওই পাঁচতলা ফ্লোরিশ স্টে হোটেলটি কাছের একটি নামকরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে জনপ্রিয় ছিল বলে খবর গণমাধ্যমের। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়েরের পর হোটেল ভবনটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার রাতে এক্স এ দেওয়া এক পোস্টে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, শহরজুড়ে সব গেস্ট হাউজ ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযানের পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

গণমাধ্যমের খবর অনুযায়ী, নিহত বিদেশিদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিকরা রয়েছেন। রয়টার্স জানিয়েছে, তারা এ তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর এক্স এ এক পোস্টে জানিয়েছেন, যে সব দেশের নাগরিকরা মারা গেছেন তাদের দূতাবাসগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ রেখে চলছে এবং সব ধরনের সহযোগিতার সম্প্রসারণ ঘটাচ্ছে। 

আরও পড়ুন:

দিল্লির হোটেলে আগুন: ৮ বাংলাদেশি আহত, 'গুরুতর' ৩ 

দিল্লির হোটেলে আগুনে হতাহতের মধ্যে 'বাংলাদেশিও আছেন' 

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে ২১ জনের মৃত্যু, অধিকাংশই বিদেশি