চীনে যেতে ব্রিটিশদের ভিসা লাগবে না
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিটিশ নাগরিকরা ৩০ দিনের জন্য চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবে। অর্থাৎ, ব্যবসায়িক কাজে বা পর্যটনের জন্য তারা ভিসা ছাড়াই চীনে যেতে পারবে।
চীন সফরে যাওয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। কিছু চুক্তিতেও উপনীত হয়েছেন তিনি। এইসব চুক্তির মধ্যে ব্রিটিশ নাগরিকদের বিনা-ভিসায় চীন ভ্রমণের চুক্তিও রয়েছে।
কিয়ার স্টারমার চীনের সঙ্গে এই চুক্তিতে পৌঁছার কথা নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যের নাগরিকরা ৩০ দিনের জন্য চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবে। অর্থাৎ, ব্যবসায়িক কাজে বা পর্যটনের জন্য ব্রিটিশরা ভিসা ছাড়াই চীনে যেতে পারবে।
এর মধ্য দিয়ে চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাওয়া ফ্রান্স, জার্মানি অস্ট্রেলিয়ার মতো ৫০ টি দেশের কাতারে চলে আসবে যুক্তরাজ্যও। বর্তমানে ব্রিটিশ পাসপোর্টধারীদের চীনা মূল ভূখণ্ডে ঢুকতে হলে ভিসা লাগে।
কিন্তু বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ একতরফাভাবে ব্রিটিশ নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ বাস্তবায়ন করার বিষয়টি ‘সক্রিয়ভাবে বিবেচনা’ করবে।
চীন ২০২৩ সাল থেকে ফ্রান্স, জার্মানি ও স্পেনসহ বিভিন্ন দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু করেছে। এই নিয়মের আওতায় ওই দেশগুলোর নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়া চীনে ভ্রমণ করতে পারেন।
এখন যুক্তরাজ্যের জন্যও এ নিয়ম চালু হলে শত-সহস্র ব্রিটিশ নাগরিক এর সুবিধা পাবে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালে ৬২০,০০০ জন ব্রিটিশ চীন ভ্রমণ করেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার গত বুধবার তিনদিনের সফরে চীনে পৌঁছান। ২০১৮ সালের পর এটিই কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রায় ৬০ জন প্রভাবশালী ব্রিটিশ ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি।
চীনের সঙ্গে যুক্তরাজ্যের ঝিমিয়ে পড়া সম্পর্ককে নতুন করে চাঙা করাই কিয়ার স্টারমারের লক্ষ্য। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর স্টারমার বলেন, যুক্তরাজ্য-চীন সম্পর্ক “ভাল এবং শক্তিশালী অবস্থানে রয়েছে।”
শি-স্টারমার বৈঠকে ৩০ দিনের জন্য ভিসামুক্ত ভ্রমণ ছাড়াও চীনের সঙ্গে আরও বহু বিষয় নিয়ে চুক্তি হয়েছে। এগুলো হল:
১. আন্তর্জাতিক পর্যায়ে সংগঠিত অপরাধ এবং অবৈধ অভিবাসন ঠেকাতে সহযোগিতা করা
২. দ্বিপক্ষীয় বিভিন্ন পরিষেবায় অংশীদারিত্ব গড়ে তোলা
৩. যুক্তরাজ্য ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন পরিষেবায় আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ চুক্তির সম্ভাব্যতা যৌথভাবে যাচাই করা।
৪. কোনো পণ্য, পরিষেবা, বা ব্যবস্থা নির্দিষ্ট মানদণ্ড, নিয়ম বা প্রবিধান মেনে চলছে কি না তা পরীক্ষা ও নিশ্চিতকরণে (কনফর্মিটি অ্যাসেসমেন্ট ) সহযোগিতা করা।
৫. যুক্তরাজ্য থেকে চীনে পণ্য রপ্তানি করা
৬. চীন-যুক্তরাজ্য যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের কাজ জোরদার করা।
৭. ডমিসিলিয়ারি সার্ভিস বা ‘হোম কেয়ার’ এবং খেলা শিল্পে সহযোগিতা করা।
৮. প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা করা।
৯, খাদ্য নিরাপত্তা, প্রাণী এবং উদ্ভিদ সংগনিরোধ (প্ল্যান্ট কোয়ারেন্টিন)- এ সহযোগিতা করা।
১০. স্বাস্থ্য খাতে সহযোগিতা করা।
