০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞা দেওয়া ট্যাঙ্কারগুলোর ভেনেজুয়েলায় প্রবেশ ও ত্যাগ ‘আটকানোর’ আদেশ ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের সর্বশেষ পদক্ষেপ এটি।

নিষেধাজ্ঞা দেওয়া ট্যাঙ্কারগুলোর ভেনেজুয়েলায় প্রবেশ ও ত্যাগ ‘আটকানোর’ আদেশ ট্রাম্পের
ভেনেজুয়েলার বন্দরমুখি একটি তেল ট্যাঙ্কার। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 10:51 AM

Updated : 26 Aug 2026, 05:20 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দেওয়া সব তেল ট্যাঙ্কারের ভেনেজুয়েলায় প্রবেশ ও ত্যাগ ‘আটকানোর’ আদেশ দিয়েছেন। 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের সর্বশেষ পদক্ষেপ এটি। মঙ্গলবারের এ পদক্ষেপে দেশটির আয়ের প্রধান উৎসকে লক্ষ্যস্থল করা হয়েছে।

রয়টার্স লিখেছে, ট্রাম্প কীভাবে নিষেধাজ্ঞা দেওয়া জাহাজগুলোর ক্ষেত্রে এ পদক্ষেপ বাস্তবায়ন করবেন তা পরিষ্কার হয়নি। এক্ষেত্রে গত সপ্তাহের মতো তেল ট্যাঙ্কারের গতিরোধ করতে মার্কিন কোস্টগার্ডকে ব্যবহার করবেন কি না, তা নিশ্চিত নয়। 

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার উপকূলে ক্যারিবীয় সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরীসহ ডজনখানেক যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমাদের সম্পদ চুরি করায় এবং সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান ও মানবপাচারসহ অন্যান্য আরও অনেক কারণে ভেনেজুয়েলার শাসনব্যবস্থাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বলে মনোনীত করা হয়েছে। অতএব, আজ আমি আদেশ দিচ্ছি, ভেনেজুয়েলায় প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে যাওয়া নিষেধাজ্ঞার তালিকায় থাকা সব তেল ট্যাঙ্কারকে পুরোপুরি অবরোধ করতে।”   

এক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার বলেছে, তারা ট্রাম্পের ‘উদ্ভট হুমকি’ প্রত্যাখ্যান করছে। 

ট্রাম্পের ঘোষণার পর এশিয়ার বাজারে মার্কিন অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য কিছুটা বেড়ে যায়। জ্বালানি তেল বাজারের অংশগ্রহণকারীরা জানিয়েছেন, ভেনেজুয়েলার রপ্তানি হ্রাস পেতে পারে এমন সম্ভাবনার মুখে মূল্য বাড়তে শুরু করেছে। তবে ট্রাম্পের কথিত ‘অবরোধ’ কীভাবে বাস্তবায়িত হয় আর তা নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলোর ক্ষেত্রেও বিস্তৃত হয় কি না, তা দেখার অপেক্ষায় আছেন তারা। 

টেক্সাসের ডেমোক্র্যাট মার্কিন প্রতিনিধি হোয়াকিন কাস্ত্রো এই অবরোধকে ‘নিঃসন্দেহে যুদ্ধের একটি কাজ’ বলে অভিহিত করেছেন।  

ভেনেজুয়েলা উপকূলে তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ট্যাঙ্কার জব্দের পর ভেনেজুয়েলার ৬ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

সামাজিক মাধ্যম এক্স এ তিনি বলেছেন, “একটি যুদ্ধ, যেটি কংগ্রেস কখনো অনুমোদন করেনি এবং আমেরিকার জনগন চায় না।” 

যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ভেনেজুয়েলার উপকূল থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেল ট্যাঙ্কার জব্দ করে আর পরদিন আরও ছয়টি তেল ট্যাঙ্কারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকে তারা একটি কার্যকর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এর ফলে ভেনেজুয়েলার জলসীমায় লাখ লাখ ব্যারেল তেল নিয়ে বহু ট্যাঙ্কার বসে আছে, আন্তর্জাতিক জলসীমায় বের হয়ে জব্দের ঝুঁকি নিচ্ছে না তারা।  

এর ফলে ভেনেজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেলের রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। পরিস্থিতি আরও খারাপ হয়েছে চলতি সপ্তাহে একটি সাইবার হামলার কারণে, যেটি দেশটির রাষ্ট্র পরিচালিত পিডিভিএসএ প্রশাসনিক ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে।