Published : 08 Feb 2026, 03:29 PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাণিজ্য জোরদার এবং সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা অনুসন্ধান করার বিষয়ে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
মোদী দুই দিনের এক সফরে মালয়েশিয়া গিয়েছিলেন। ২০২৪ সালের অগাস্টে দুই দেশ পরস্পরের সঙ্গে এক বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের চুক্তিতে আবদ্ধ হয়। তারপর থেকে মালয়েশিয়ার এটি মোদীর প্রথম সফর, জানিয়েছে রয়টার্স।
রোববার সফরের শেষ দিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মোদীকে আতিথ্য দেন আনোয়ার।
এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার জানান, অংশীদারিত্বের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্য সেবা ও পর্যটনের মতো একাধিক ক্ষেত্রে গভীর সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল।
তিনি বলেন, “এটি সত্যিই ব্যাপক। আর আমাদের বিশ্বাস আমাদের উভয় সরকারের অঙ্গীকারকে সঙ্গে নিয়ে এটি আমরা এগিয়ে নিতে ও দ্রুততার সঙ্গে কার্যকর করতে পারবো।”
তাদের মধ্যে বৈঠকের পর আনোয়ার ও মোদী সেমিকন্ডাক্টর, দুর্যোগ ব্যবস্থাপনা ও শান্তিরক্ষাসহ দুপক্ষের মধ্যে ১১টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
আনোয়ার জানান, ভারত ও মালয়েশিয়া তাদের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও লেনদেনে স্থানীয় মুদ্রা (ভারতীয় রুপি ও মালয়েশিয়ার রিঙ্গিত) ব্যবহারের চেষ্টা অব্যাহত রাখবে।
গত বছর ভারত ও মালয়েশিয়ার মধ্যে এক হাজার ৮৬০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে উল্লেখ করে চলতি বছর দ্বিপাক্ষিক বাণিজ্য সেটিকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
আনোয়ার জানান, বোর্নিও দ্বীপে মালয়েশিয়ার সাবাহ রাজ্যে ভারতের একটি কন্স্যুলেট খোলার প্রচেষ্টায় মালিয়েশিয়া সমর্থন যোগাবে।
সফরে উষ্ণ আতিথেয়তা দেওয়ার জন্য মোদী মালয়েশিয়াকে ধন্যবাদ জানান। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শিগগিরই ভারত সফর করার জন্য আমন্ত্রণ জানান।