Published : 30 Jan 2025, 07:01 PM
ওয়াশিংটনে প্রায় ১৬ বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যেভাবে এ দুর্ঘটনা ঘটেছে সেটি দেখে মনে হচ্ছে তা এড়ানো যেতে পারত।
ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুর্ঘটনাটি ঘটেছে বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে। যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কাতেই ঘটে দুর্ঘটনা। এতে এখন পর্যন্ত ৩০ জনের দেহ উদ্ধারের খবর জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।
এ ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প। তিনি এর দায় চাপিয়েছেন সামরিক বাহিনীর হেলিকপ্টারের ওপরই। তার কথায় উড়োজাহাজ দেখে আগেই হেলিকপ্টারের সরে যাওয়া উচিত ছিল।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “উড়োজাহজটি তার সঠিক পথেই বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু হেলিকপ্টারটি অনেকক্ষণ ধরেই সরাসরি উড়োজাহাজটির দিকে এগোচ্ছিল।
রাতের আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল। বিমানে আলো জ্বলছিল। হেলিকপ্টারটি উপরে উঠে যেতে পারত, নীচে নেমে আসতে পারত কিংবা উল্টো দিকে ঘুরে যেতে পারত। কেন তা করা হল না? কন্ট্রোল টাওয়ার থেকেই বা কেন হেলিকপ্টারকে এ সংক্রান্ত সঠিক নির্দেশনা দেওয়া হল না?’’
কন্ট্রোল টাওয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প লিখেছেন,“হেলিকপ্টারের পাইলট উড়োজাহাজটি দেখেছেন কিনা তা জিজ্ঞাসা করার পরিবর্তে কন্ট্রোল টাওয়ার কেন হেলিকপ্টারটিকে কী করতে হবে তা জানায়নি?”
ট্রাস্প এ দুর্ঘটনাকে ‘ভয়ানক বিপর্যয়’ উল্লেখ করে বলেন, “এই রাত কত ভয়াবহই না ছিল! খুবই খারাপ একটি পরিস্থিতি গেছে। দেখে মনে হচ্ছে এটা ঠেকানো যেত। ভালো হল না।”
সূত্র: ওয়াশিংটন পোস্ট