Published : 28 May 2026, 01:41 AM
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকের প্রাথমিক ও অনানুষ্ঠানিক কাঠামোর একটি খসড়া চুক্তি হাতে পাওয়ার দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টিভি।
এই চুক্তির আওতায় ইরান একমাসের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুদ্ধের আগের সময়ের মতোই তারা এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশের এলাকা থেকে সেনা সরাবে এবং হরমুজে নৌ-অবরোধ তুলে নেবে বলে দাবি করা হয়েছে খবরে।
তবে ইরানের রাষ্ট্রীয় টিভিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এমন খসড়া চুক্তি হওয়ার দাবিকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমে প্রকাশিত এই খবর পুরোপুরি ‘অতিরঞ্জিত’ বলে জানিয়েছে তারা।
হোয়াইট হাউজ এক্সে এক পোস্টে লিখেছে, “ইরান সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমের এই খবর সঠিক নয় এবং তাদের প্রকাশিত সমঝোতা স্মারক (মউ) পুরোপুরি অতিরঞ্জিত। ইরানি গণমাধ্যম যা বলছে সেটি কারও বিশ্বাস করা উচিত নয়। সত্যতা একটি বিষয়।”
ইরানের রাষ্ট্রীয় টিভির দাবি অনুযায়ী, খসড়া চুক্তির মূল বিষয়গুলোর মধ্যে আরও বলা হয়েছে:
হরমুজে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র দেশের যুদ্ধজাহাজ চলাচল এই চুক্তির আওতাভুক্ত নয়। তাছাড়া, প্রণালির ট্রানজিট ফি ও এই জলপথ পরিচালনার বিষয়টি ইরান ও ওমানের হাতে রাখার পরিকল্পনা রয়েছে।
তবে খবরে এও বলা হয়েছে যে, এই চুক্তি এখনও চূড়ান্ত হয়নি এবং ‘সুনির্দিষ্ট যাচাই-বাছাই’ ছাড়া ইরান কোনও পদক্ষেপ নেবে না। ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি হলে সেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার বাধ্যবাধকতার আওতায় সেটি অনুমোদন করা হতে পারে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের চেষ্টায় একটি চুক্তি করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। পরোক্ষো এই আলোচনার মধ্যেই ইরানের গণমাধ্যমে দুইপক্ষের মধ্যে খসড়া চুক্তি নিয়ে ওই বড় দাবি করা হল।
যুক্তরাষ্ট্রর এই খবরকে ভিত্তিহীন দাবি করলেও, বিশ্বের গণমাধ্যমে যুদ্ধ বন্ধের জন্য দুই পক্ষে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলার কথা উঠে এসেছে।