২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে ধর্মঘট অবসানে আদালতের নির্দেশ, তবুও বিক্ষোভ চলছে

আদালতের নির্দেশের মধ্যেও ইসরায়েল সরকারকে হামাসের সঙ্গে একটি জিম্মি মুক্তি চুক্তি করতে বাধ্য করার জন্য হাজারো মানুষের বিক্ষোভ চলছে এবং আরও বিক্ষোভের পরিকল্পনাও হচ্ছে।

ইসরায়েলে ধর্মঘট অবসানে আদালতের নির্দেশ, তবুও বিক্ষোভ চলছে
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 08:54 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ইসরায়েলের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন সোমবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডাকার পর শ্রম আদালত তা অবসানের নির্দেশ দিয়েছে।

তবে এই নির্দেশের মধ্যেও ইসরায়েল সরকারকে হামাসের সঙ্গে একটি জিম্মি মুক্তি চুক্তি করতে বাধ্য করার জন্য হাজারো মানুষের বিক্ষোভ-ধর্মঘট চলছেই। সেইসঙ্গে আরও বিক্ষোভের পরিকল্পনাও করা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন সহ কয়েকটি স্থানে সোমবার এই বিক্ষোভের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে জিম্মিদের পরিবারগুলোর সংগঠন।

রোববার ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং জেরুজলেমে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেছে। শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে ইসরায়েলজুড়ে ব্যাহত হয়েছে ব্যবসা-বাণিজ্য, স্কুল এমনকি পরিবহন সেবাও। কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটও ব্যাহত হয়েছে।

এরপরই ইসরায়েলের রাজধানী তেল আবিবের শ্রম আদালতের পক্ষ থেকে ধর্মঘট বন্ধের আদেশ এল। এ ধর্মঘট ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তা বন্ধের রায় দিয়ে আদালত বলেছে, “যে ধর্মঘট শুরু করা হয়েছে তা নিষিদ্ধ করে আমরা দেশজুড়ে আদেশ জারি করছি। আজ আদেশ অবিলম্বে কার্যকর করে এ ধর্মঘট বন্ধ হতে হবে।”

রায়ে আদালত এও বলেছে যে, শ্রমিক ইউনিয়নের কেবল অর্থনৈতিক কারণে এবং শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে ধর্মঘট ডাকার এখতিয়ার আছে। রাজনৈতিক কোনও বিষয়ে তারা ধর্মঘট ডাকতে পারে না।

৮ লাখ সদস্যের শ্রমিক সংগঠন হিসটাদ্রুত দেশজুড়ে সোমবার সকাল ৬ টা থেকে একদিনের ধর্মঘট ডেকেছিল। সংগঠনটির চেয়ারম্যান আমোন-বার ডেভিড বলেছিলেন, “আমরা একটি চুক্তির পরিবর্তে বডি ব্যাগ পাচ্ছি।”

শ্রমিক ইউনিয়নের পাশাপাশি গাজায় জিম্মি হওয়া ইসরায়েলিদের পরিবারের সদস্যদের সংগঠনও জিম্মিদের মুক্তির জন্য সরকারের কাছে একটি চুক্তি করার দাবি জানিয়ে রোববার বিক্ষোভে নামে।

নেতানিয়াহু সরকার এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার চেষ্টার অংশ হিসাবে তারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়।

নেতানিয়াহু বলেছেন, তিনি জিম্মিদের মুক্ত করার জন্য চুক্তি করতে এবং দেশের নিরাপত্তার সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি বলেন, “জিম্মিদের যারা হত্যা করছে তারা চুক্তি চায় না।”

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের একটি টানেল থেকে রোববার নতুন করে ছয় জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, সেখানে ইসরায়েলি সেনারা পৌঁছানোর অনেক আগে এদের হত্যা করা হয়েছে বলে মনে হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগরি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “আমাদের প্রাথমিক অনুমান হচ্ছে, আমরা তাদের কাছে পৌঁছানোর অল্প সময় আগে হামাসের সন্ত্রাসীরা তাদের নৃশংসভাবে খুন করেছে।”

জিম্মিদের পরিবারের সদস্যরা বলছে, প্রায় ১১ মাস ধরে নির্যাতন সহ্য করার পর ওই ৬ জন গত কয়েকদিনে খুন হয়েছে। জিম্মিদের মুক্ত করার জন্য একটি চুক্তি করতে দেরির কারণে তাদের এবং অন্যান্য আরও জিম্মির মৃত্যু হয়েছে।