Published : 08 Feb 2026, 12:30 PM
চলমান শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর মিলানে আবাসনের খরচ বৃদ্ধি ও পরিবেশগত উদ্বেগ নিয়ে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির মূল অংশ থেকে আলাদা হয়ে পড়া প্রায় ১০০-র মতো বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে বাজি, ধোঁয়া বোমা ও বোতল নিক্ষেপ করেছে।
সহিংসতা মোকাবেলার সরঞ্জাম পরে, ঢাল হাতে পুলিশও এর পাল্টায় ওই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়েছে।
শনিবার দুই পক্ষের মধ্যে এ সংঘাত ও হাতাহাতির ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিক্ষোভকারীদের অনেকেরই মুখ ঢাকা ছিল; পুলিশ মাত্র কয়েক মিনিটেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারা ছয়জনকে আটকও করেছে।
মিলানো-করতিনা শীতকালীন অলিম্পিকসের প্রথম পূর্ণদিবস খেলাধুলার দিন আবাসনের খরচ ও পরিবেশ নিয়ে চিন্তিত আনুমানিক ১০ হাজার মানুষ ইতালির অর্থনৈতিক রাজধানীর রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।

তৃণমূলের বিভিন্ন ইউনিয়ন, আবাসন-অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী ও সামাজিক কর্মকাণ্ডভিত্তিক অ্যাক্টিভিস্টদের ডাকা এ মিছিলের লক্ষ্য ছিল ভাড়ার লাগামহীন বৃদ্ধি ও ক্রমবর্ধমান বৈষম্যের কারণে মিলান যে তাদের ভাষায় ক্রমশ ‘টেকসইহীন শহর’ হয়ে উঠছে তা তুলে ধরা।
অলিম্পিকসের কারণে মিলানে আগে থেকেই নিরাপত্তা জোরদার ছিল।
দিনকয়েক আগে তুরিনে কট্টর-বামদের এক সমাবেশ সহিংস হয়ে ওঠার পর এ বিক্ষোভ নিয়ে আগে থেকেই নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ছিল। সেদিনের সহিংসতায় শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছিলেন বলে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার করা হয় প্রায় ৩০ বিক্ষোভকারীকে।
২০১৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর পর থেকে এবারের অলিম্পিকস পর্যন্ত এক দশক মিলানে জমি ও বাড়িঘরের দামে ব্যাপক উল্লম্ফন দেখা গেছে, ধনী নতুন বাসিন্দাদের জন্য কর ছাড় ও ব্রেক্সিটের কারণে অনেক দক্ষ পেশাজীবী শহরটিতে ছুটে এসেছে, এদিকে জীবন যাত্রার ব্যয় বাড়ায় স্থানীয়রা চাপে পড়েছে।
বিভিন্ন নির্মাণ প্রকল্পের কারণে পাহাড়ি এলাকাগুলোর পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে অনেক গোষ্ঠী অলিম্পিকসকে ‘জনগণের অর্থ ও সম্পদের অপচয়’ হিসেবেও দেখছে।
“আমি এখানে এসেছি কারণ এসব অলিম্পিকস অর্থনৈতিক, সামাজিক বা পরিবেশগত দিক থেকে মোটেই টেকসই নয়,” কমিউনিস্ট রিফাউন্ডেশন পার্টির পতাকার নিচে দাঁড়িয়ে এমনটাই বলেছেন ৭১ বছর বয়সী স্তেফানো নুতিনি।

অলিম্পিকসের জন্য বানানো অবকাঠামোগুলো পাহাড়ি এলাকাগুলোর ওপর বড় বোঝা চাপিয়েছে বলেও তার ভাষ্য। শীতকালীন অলিম্পিকসের খেলাধুলাগুলো এবার ছড়ানো ছিটানোভাবে অনেক শহরে হচ্ছে, এর আগে এমনটা দেখা যায়নি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলছে, এবারের খেলাধুলার বেশিরভাগই আগে তৈরি থাকা বিভিন্ন স্থাপনায় হচ্ছে, যে কারণে এবারের আয়োজন বেশি টেকসই।
শনিবার বিক্ষোভের একেবারে শুরুতে জনাপঞ্চাশেক মানুষ শক্ত কাগজ দিয়ে বানানো কিছু গাছ বহন করেছিলেন; এগুলো কোর্তিনা দ’অ্যামপেজোতে নতুন বোবস্লে (এক ধরনের খেলা) ট্র্যাক বানাতে যে লার্চ গাছগুলো কাটা হয়েছিল তার প্রতীক, বলেন তারা।
তাদের এক ব্যানারে লেখা ছিল, “শতাব্দী প্রাচীন গাছ, দুটো বিশ্বযুদ্ধেও টিকে ছিল, কিন্তু ৯০ সেকেন্ডের একটি খেলার জন্য ১২ কোটি ৪০ লাখ ইউরোর বোবস্লে ট্র্যাক বানাতে গিয়ে কাটা পড়ল।”