২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের তামিলনাডুতে দুই ট্রেনের সংঘর্ষে ১২ বগি লাইনচ্যুত, বহু আহত

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে এসে পেছনে থেকে মালাবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2024, 11:41 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

ভারতের তামিলনাড়ুতে একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে লাইন দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২টি বগি লাইনচ্যুত ও বহু মানুষ আহত হয়েছেন। 

ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের দিকে কর্নাটকের মহীশুর থেকে বিহারের দ্বারভাঙ্গা যাওয়ার পথে বাগমতী এক্সপ্রেস চেন্নাইয়ের কাছে কাভারাপেট্টাই রেলওয়ে স্টেশনের কাছে লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে সজোরে ধাক্কা দেয়।

এনডিটিভি জানিয়েছে, এতে অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয় আর এক্সপ্রেস ট্রেনটির পার্সেল বগিতে আগুন ধরে যায়। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অন্তত দু’টি বগিতে আগুন ধরে যায় আর এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।  

আহত অন্তত ১০ জনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভারতীয় রেলওয়ে জানিয়েছে, মাদ্রাজ (চেন্নাই) ডিভিশনের তিরুভাল্লুর জেরার পোন্নেরি-কাভারাপেট্টাই সেকশনে দুর্ঘটনাটি ঘটেছে।    

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে এসে পেছনে থেকে মালাবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়।  

রেলওয়ের বিবৃতিতে বলা হয়েছে, “২০:২৭ ঘণ্টায় ট্রেন নং ১২৫৭৮ পোন্নেরি পার হয়ে যায়। ক্রুরা একটি বড় ধরনের ঝাঁকি খাওয়ার পর ট্রেনটি লুপ লাইনে ঢুকে পড়ে আর সেই লাইনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়।” 

বাগমতী এক্সপ্রেস ট্রেনটি কাভারাপেট্টাই স্টেশনে ঢোকার মুখে ঘটনাটি ঘটে। সিগন্যাল অনুযায়ী, এক্সপ্রেস ট্রেনটির মেইন লাইনে যাওয়ার কথা থাকলেও সেটি ঝাঁকি খেয়ে লুপ লাইনে ঢুকে যায় আর এর ফলে দুর্ঘটনাটি ঘটে।    

অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। এক্সপ্রেস ট্রেনটির ৯০ শতাংশ যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।