১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার ৮ কর্মকর্তার ওপর ইইউ নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন রুশ বিচার বিভাগের কিছু সদস্য ছাড়াও কিছু পেনাল কলোনির প্রধান।

রাশিয়ার ৮ কর্মকর্তার ওপর ইইউ নিষেধাজ্ঞা
ইইউ ও রাশিয়ার পতাকার ওপর প্লাস্টিকে লেখা অক্ষরে সাজানো নিষেধাজ্ঞা শব্দটি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 10:11 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

রাশিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসন ক্ষুন্ন করার সন্দেহে নতুন করে আট কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার ইইউ কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন রুশ বিচার বিভাগের এমন কিছু সদস্য, যারা রাশিয়ার বিশিষ্ট অধিকারকর্মীদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগে সাজা দেওয়ার জন্য দায়ী।

এছাড়াও তালিকায় আছেন এমন কিছু পেনাল কলোনির প্রধান, যেখানে রাজনৈতিক বন্দিদের অমানবিক ও মর্যাদাহানিকর অবস্থায় আটকে রাখা হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৮ কর্মকর্তার মধ্যে আছেন- একটি পেনাল কলোনির প্রধান আলেক্সেই ভাসিলিভিচ ভালিজার, একটি প্রাক-বিচার আটক কেন্দ্রের প্রধান আন্তন ভ্লাদিমিরোভিচ রিচার, সেন্ট পিটার্সবার্গের বিচারক ইভা অ্যালেক্সান্দ্রোভনা গিউন্তার এবং আন্দ্রেই পাভলভিচ শিবাকভ।

আরোপিত নিষেধাজ্ঞার ফলে এই কর্মকর্তারা ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশে ভ্রমণ করা কিংবা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে ইইউ-তে থাকা তাদের সব সম্পদ জব্দ করা হয়েছে।

 তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের কোনও নাগরিক বা কোম্পানি তাদেরকে কোনওকম তহবিল সরবরাহ করতে পারবে না।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে ইইউ সদস্যরাষ্ট্রগুলো প্রথম ২০২৪ সালে একদল রুশ কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাশিয়ায় মানবাধিকার পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠক করে রাশিয়া কর্তৃপক্ষের ওপর আরও ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করেছেন।

এবারে ৮ রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে এ পর্যন্ত রাশিয়ার ৭২ জন ব্যক্তি ইইউ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হলেন।