২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাংবাদিকের জেল

এই দুই সাংবাদিক হংকংয়ে বর্তমানে বন্ধ থাকা স্ট্যান্ড নিউজের সম্পাদক ছিলেন। রাষ্ট্রদ্রোহমূলক প্রবন্ধ প্রকাশের অভিযোগে তাদেরকে অগাস্টে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 11:08 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

হংকংয়ে গণতন্ত্রপন্থি একটি পত্রিকার নেতৃত্ব দিয়ে দেশদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দুই সাংবাদিক চুং পুই-কুয়েন ও প্যাট্রিক ল্যামকে জেল দিয়েছে আদালত।

এই দুই সাংবাদিক হংকংয়ে বর্তমানে বন্ধ থাকা স্ট্যান্ড নিউজের সম্পাদক ছিলেন। রাষ্ট্রদ্রোহমূলক প্রবন্ধ প্রকাশের অভিযোগে তাদেরকে অগাস্টে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

এবার সাজার রায়ে আদালত চুংকে ২১ মাস এবং ল্যামকে ১১ মাসের জেল দিয়েছে। কিন্তু চিকিৎসা জনিত কারণে তাদেরকে আপাতত মুক্ত রাখা হয়েছে। ওদিকে, স্ট্যান্ড নিউজ - সেরা পেন্সিল - এর প্রকাশককে ৫ হাজার হংকং ডলার জরিমানা করেছে আদালত।

১৯৯৭ সালে হংকং ব্রিটেন থেকে চীনের হাতে হস্তান্তর হওয়ার পর কোনও সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এটিই প্রথম। 

হংকংয়ের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক কোওক ওয়াই-কিন এর মতে, স্ট্যান্ড নিউজ ‘জাতীয় নিরাপত্তায় হুমকি’ হয়ে উঠেছিল।

তিনি বলেন, পত্রিকাটির সম্পাদকীয়তে হংকংয়ের স্থানীয় স্বায়ত্ত্বশাসনকে সমর্থন করা হয়েছিল। তাছাড়া, এ পত্রিকা চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষের দুর্নাম করা এবং কালিমা লেপন করার হাতিয়ার হয়ে উঠেছিল বলেও ওয়াই-কিন উল্লেখ করেন।

বিবিসি জানায়, হংকংয়ে ২০১৯ সালের গণতন্ত্রপন্থি বিক্ষোভের সময় হাতে গোনা কয়েকটি নতুন অনলাইন নিউজ পোর্টালের মধ্যে বিশেষ অবস্থানে উঠে এসেছিল স্ট্যান্ড নিউজ। এ পত্রিকায় প্রকাশ্যেই ভিন্নমাতাবলম্বীদের ওপর সরকারের দমনপীড়নের সমালোচনা করা হয়েছিল।