Published : 19 Aug 2026, 10:10 PM
সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার পর এর বিরল নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এ ধরনের হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ আখ্যা দিয়েছে। তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েল এই হামলা চালায়।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, মঙ্গলবার আবু আল-দুহুর বিমানবন্দরের রানওয়ে ও গুদামঘরে ৮ টি বিমান হামলা চালায় ইসরায়েল। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
ওদিকে, ইসরায়েল সরাসরি হামলার কথা স্বীকার না করলেও জানিয়েছে, সিরিয়া নিরাপত্তার বর্তমান অবস্থা ভঙ্গের উপক্রম করেছিল। দামেস্কের বিরুদ্ধে অভিযোগ করে ইসরায়েল বলেছে, তারা ওই বিমানঘাঁটিতে তুর্কি সেনাদের মোতায়েন করার অনুমতি দিচ্ছে, যা ইসরায়েলের জন্য হুমকি।
তবে সিরিয়া এবং তুরস্ক হামলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে দায়ী করেছে। তাদের মতে, এসব হামলা ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তোলার হুমকি সৃষ্টি করছে।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিরিয়া ও ইরাক বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন।
এক্সে তিনি লেখেন, “আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা অপ্রয়োজনে উত্তেজনা বাড়ানো এবং আঞ্চলিক স্থিতিশীলতার অগ্রগতিতে বিঘ্ন ঘটানোর সামিল। এ হামলা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের হামলাকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এক অন্যায্য আগ্রাসী পদক্ষেপ বলে অভিহিত করেছে।
তুরস্ক তাদের কোনও সেনা তুর্কি সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত সিরিয়ার আবু দুহুর বিমানঘাঁটিতে গেছে কিনা তা নিশ্চিত করে জানায়নি। তবে, আঙ্কারা ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে যে, তুরস্ক তাদের জন্য কোনও হুমকি হয়ে দাঁড়িয়েছে।