২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হামাসের নতুন ভিডিওতে দেখা গেল ২ ইসরায়েলি জিম্মিকে

এতে যে দুই ইসরায়েলিকে দেখা গেছে তাদের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর সময় ধরে নিয়ে যায় হামাসের যোদ্ধারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:13 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, এতে তাদের হাতে বন্দি দুই ইসরায়েলি জিম্মিকে দেখা গেছে। 

ভিডিওটি শনিবার প্রকাশ করা হয়েছে। এতে যে দুই ইসরায়েলিকে দেখা গেছে তাদের গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর সময় ধরে নিয়ে যায় হামাসের যোদ্ধারা, তারপর থেকে তারা ফিলিস্তিনি ছিটমহল গাজায় বন্দি হয়ে আছেন। 

রয়টার্স জানিয়েছে, ভিডিওতে যে দুই পুরুষকে দেখা গেছে তাদের কিথ সিগেল (৬৪) ও ওমরি মিরান (৪৭) বলে শনাক্ত করা হয়েছে। ভিডিওতে পেছনে কিছু নেই এমন একটি জায়গার সামনে থেকে দুইজনকে পৃথকভাবে কথা বলতে দেখা গেছে। তারা তাদের পরিবারের প্রতি ভালোবাস জানানোর পাশাপাশি তাদের মুক্তির আবেদন জানিয়েছেন।   

ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর সময় হামাসের যোদ্ধারা মিরানকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নাহাল ওজের ওই বাড়িতে তখন মিরানের স্ত্রী ও দুই তরুণী কন্যা ছিল। তাদের সামনে থেকেই তাকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা।  

সিগেল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তাকে ও তার স্ত্রীকে একসঙ্গে আরেকটি সীমান্ত শহর থেকে ধরে নিয়ে যাওয়া হয়। গত নভেম্বরে সংক্ষিপ্ত এক অস্ত্র বিরতির সময় সিগেলের স্ত্রীকে মুক্তি দেয় হামাস। 

ইহুদিদের নিস্তারপর্বের (পাসওভার) ছুটির মধ্যে এ ভিডিওটি প্রকাশ করল হামাস। ঐতিহ্যগতভাবে এ সময় ইহুদিরা মিশরের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার বাইবেলীয় কাহিনী উদযাপন করে।  

গত বছর এই ছুটির দিনগুলো পরিবারের সঙ্গে উদযাপন করেছিলেন, ভিডিওতে এমন স্মৃতিচারণ করতে গিয়ে সিগাল এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সঙ্গে আবার মিলিত হতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।  

ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত হয় এবং ফিলিস্তিনি গোষ্ঠীটির যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশিকে ধরে নিয়ে গিয়ে জিম্মি করে রাখে। 

ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী একক হামলা ছিল।  

এর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। তারপর থেকে প্রায় সাত মাস ধরে ভূখণ্ডটিতে অবিরাম হামলা চালাচ্ছে তারা। তাতে এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

আরও পড়ুন: 

‘ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অস্ত্র ত্যাগ করতে রাজি হামাস’