ইরানের পরবর্তী নেতা বেছে নেওয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত: ট্রাম্প
ইরাকে থাকা ইরানি কুর্দি বাহিনীগুলো যদি সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়, সেটা ‘দারুণ’ হবে ট্রাম্পের ভাষ্য।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা বেছে নেওয়ার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুক্ত থাকতে হবে।
আর ইরাকে থাকা ইরানি কুর্দি বাহিনীগুলো যদি সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়, সেটা ‘দারুণ’ হবে তার ভাষ্য।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার একটি টেলিফোন সাক্ষাৎকারে তাদের এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। বলা হচ্ছে আয়তুল্লাহ আলি দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প তা মনে করেন না। তিনি বলেন, “ইরানের সঙ্গে মিলে আমাদেরই বেছে নিতে হবে–কে হবেন তাদের নতুন নেতা।”
ইরানে বিমান হামলা শুরু করার ছয় দিনের মাথায় ইরাকে থাকা কুর্দি বাহিনীগুলোকে ইরানে হামলার জন্য উৎসাহ দিতে শুরু করেন ট্রাম্প।
তিনি বলেন, “তারা এটা করতে চাইছে, এটা দারুণ হবে। আমি এর পক্ষে আছি।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।
ট্রাম্প ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ক্ষমতাসীনদের পতন ঘটাতে চান। তিনি বিষয়টিকে তুলনা করেছেন ভেনেজুয়েলার সঙ্গে। গত জানুয়ারিতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যায়। এরপর দেশটির দায়িত্বে আসেন মাদুরোর ডেপুটি দেলসি রদ্রিগেজ। ট্রাম্পের ভাষায়, তিনি “চমৎকার কাজ করেছেন।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের নেতৃত্ব দিতে যাকে বেছে নেওয়া হবে, সেই প্রক্রিয়ায় আমরাও যুক্ত থাকতে চাই, যাতে পাঁচ বছর পরপর আমাদের এ কাজ করতে না হয়। আমরা চাই এমন একজন, যিনি (ইরানের) জনগণের জন্য, দেশের জন্য ভালো হবেন।”
ইরানের সর্বশেষ শাহর ছেলে, যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনে থাকা রেজা পাহলভি সম্ভাব্য বিকল্প হতে পারেন কিনা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “আমি মনে করি সবাই তালিকায় আছে। এটা খুব প্রাথমিক আলোচনা।”
