পাকিস্তানের সোয়াতে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা, নিহত ১৪
সোয়াতের জেলা পুলিশ কর্মকর্তা জানান, থানায় ঢোকার সময় পুলিশ এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে ওই ব্যক্তি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।
পাকিস্তানের সোয়াতে কাবাল পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে।
সোয়াত পুলিশের মুখপাত্র নাসির ইকবাল করিমি পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকাকে হামলায় ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন।
এর আগে সোয়াতের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন হামলায় ৪ পুলিশসহ ৭ জন নিহত এবং আরও ২০ জন আহত হওয়ার খবর জানিয়েছিলেন।
সোয়াতের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, থানায় ঢোকার সময় পুলিশ এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে ওই ব্যক্তি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।
ডিপিও বলেছেন, পুলিশ উচ্চ সতর্কাবস্থায় আছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং আরও প্রমাণ সংগ্রহের জন্য তদন্ত চলছে।
কাবাল পুলিশ স্টেশনের প্রবেশপথে বিস্ফোরণটি ঘটে। সোয়াত উপত্যকায় সম্প্রতি একের পর এক সন্ত্রাসী হামলার প্রতিবাদে কাছের কাবাল চক এলাকায় সে সময় একটি জনসমাবেশে অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ।
শক্তিশালী বিস্ফোরণে সেখানে হতাহতের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তারা।
আহতদের দ্রুত সাইদু শরিফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা এলাকাটি সিল করে দিয়ে তল্লাশি অভিযান শুরিু করেছে।
