১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পশ্চিমাদের রুশ সম্পদ ‘চুরি’র সাজা না হয়ে যাবে না: হুঁশিয়ারি পুতিনের

জি-৭ সম্মেলনে নেতারা জব্দ রুশ সম্পদের আয় কাজে লাগিয়ে ইউক্রেইনকে ঋণ দিতে রাজি হওয়ার পর পশ্চিমাদেরকে এই চুরির পরিণতি ভোগের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 18 Aug 2024, 03:11 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিদেশে রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা কাজে লাগিয়ে ইউক্রেইনকে ঋণ দেওয়ার যে পরিকল্পনা পশ্চিমা দেশগুলো করেছে তা ‘চুরি’। এর সাজা না হয়ে যাবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন সতর্ক করে দিয়ে বলেন, পশ্চিমারা মস্কোর সঙ্গে যেমন আচরণ করেছে, তাতে দেখা যাচ্ছে যে কোনও দেশ তাদের শিকার হতে পারে এবং একইভাবে তাদের সম্পদ জব্দ করা হতে পারে।

“সব ছলচাতুরির পরও চুরি নিশ্চিতভাবে চুরিই থেকে যাবে এবং এর শাস্তি না হয়ে যাবে না,” বলেন পুতিন।

তিনি আরও বলেন, “এখন এটি সব দেশ, কোম্পানি ও সার্বোভৌম সম্পদ তহবিলের কাছে স্পষ্ট হচ্ছে যে, আইনগত এবং অর্থনৈতিক দিক থেকেও তাদের সম্পদ এবং রিজার্ভ আর নিরাপদ না। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অন্যান্য দেশগুলো ভবিষ্যতে যে কারও সম্পদ বাজেয়াপ্ত করতে পারে।”

২০২২ সালে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর প্রায় ৩২ হাজার ৫শ’ কোটি ডলারের রুশ সম্পদ জব্দ করে পশ্চিমারা। সেই অর্থই কাজে লাগিয়ে এবার ইউক্রেইনকে ঋণ দেওয়া হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে।

ধনী দেশগুলোর জোট জি-৭ সম্মেলনে সদস্য দেশগুলো ইউক্রেইনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। এরপরই বিষয়টিকে ‘চুরি’ আখ্যা দিয়ে পশ্চিমাদেরকে এর পরিণতি ভোগের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।