পোপের শারীরিক অবস্থার উন্নতি, আপাতত স্থিতিশীল
ভ্যাটিকান পোপের চিকিৎসার সর্বশেষ তথ্য দিয়ে জানায়, পোপ ফ্রান্সিসের শ্বাস-প্রশ্বাসের জন্য আর যান্ত্রিক ভেন্টিলেশন ব্যবহারের প্রয়োজন নেই।
হাসপাতালে ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে সোমবার জানিয়েছে ভ্যাটিকান।
এর আগে রোববার সন্ধ্যায় ভ্যাটিকান পোপের চিকিৎসার সর্বশেষ তথ্য দিয়ে জানিয়েছিল, পোপের শ্বাস-প্রশ্বাসের জন্য আর যান্ত্রিক ভেন্টিলেশন ব্যবহারের প্রয়োজন নেই। তার জ্বরও নেই।
এরপর সোমবার সকালে ভ্যাটিকান থেকে এক লাইনের একটি বার্তায় জানানো হয়, পোপ সারারাত ভালোভাবে বিশ্রাম নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি বার্তায়।
সোমবার সন্ধ্যায় পোপের অবস্থা সম্পর্কে পূর্ণ হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলে আশা হচ্ছে।
গত ১৪ ফেব্রুয়ারি ফুসফুস সংক্রমণ নিয়ে ইতালির রোমে জেমিলি হাসপাতালে ভর্তি হন পোপ। পরে জানা যায়, তিনি নিউমনিয়ায় ভুগছিলেন। তার ফুসফুস এবং কিডনিতেও সমস্যা ছিল।
ভ্যাটিকান শুরুতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কথা জানায়। এতে তার ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয় এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে পরে পোপের অবস্থার উন্নতি হতে শুরু করে।
গত শুক্রবার পোপের অবস্থা বেশ খানিকটা ভাল হওযার খবর জানায় ভ্যাটিকান। এরপর রোববার সন্ধ্যায় ভ্যাটিকান জানায়, পোপের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তার আর 'নন-ইনভেসিভ, মেকানিক্যাল ভেন্টিলেশন' ব্যবহারের প্রয়োজন নেই।
তবে বিবৃতিতে বলা হয়েছে, পোপের শারিরীক অবস্থার জটিলতার কারণে চিকিৎসকরা তাকে পুরোপুরি বিপদমুক্ত ঘোষণা করছেন না। তিনি পর্যবেক্ষণে থাকবেন।
ফ্রান্সিস গত দুই বছরে বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন এবং ফুসফুসের সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।
কারণ, ২১ বছর বয়সে পোপ ফ্রান্সিসের ফুসফুসের একটি অংশ অপসারণ করতে হয়েছিল। পরে বেশি বয়সে তার ফুসফুসের চারপাশে এক ধরনের প্রদাহ তৈরি হয়। সে কারণে তিনি ফুসফুস সংক্রমণের ঝুঁকিতে ছিলেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি জনসম্মুখে আসেননি। এমনকি, তার চিকিৎসা কতদিন চলবে, তা এখনও তার চিকিৎসকরা জানায়নি।
