১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কিইভের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩

“হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।”

কিইভের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩
রাশিয়ার সবশেষ হামলার পর কিইভের হোলোসিইভস্কি জেলায় গ্যারেজ পুড়ছে। ছবি: ইউক্রেইনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা (ডিএসএনএস)

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 01:16 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ইউক্রেইনের রাজধানী কিইভের কাছে গভীর রাতে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বিবিসি লিখেছে, শনিবার ভোরে কিইভের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মাত্র কয়েক দিন আগেই ইউক্রেইন জুড়ে রুশ হামলায় ২১ জন নিহত হয়েছিলেন।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে; আগুন ধরে যায় একটি ভবনে। 

কিইভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রাম পোস্টে জানান, জরুরি উদ্ধারকারী দল একটি ভবন ও জ্বালানি ট্যাংকের আগুন নেভাতে কাজ করছে। 

ইউক্রেইনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএস গ্যারেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ভবনে আগুন লাগার ছবি শেয়ার করে বলেছে, “হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।”

বিবিসি লিখেছে, কিইভে এমন এক সময়ে এ হামলা হলো, যখন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রথম সরকারি সফরে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে পৌঁছেছেন। 

আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসায় রুশ হামলা প্রতিহত করার সক্ষমতা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

এদিকে বিশ্বজুড়ে ইউক্রেইনের পক্ষে সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন জেলেনস্কি। ইউক্রেইনকে সহায়তা ও পুনর্গঠনের আশ্বাস দিয়েছে ইইউতে যোগদানের প্রক্রিয়ায় থাকা সার্বিয়া। তবে দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে আগ্রহী নন।

অর্থনৈতিক সম্পর্ক, ইইউয়ের সঙ্গে সম্পর্ক ও নিরাপত্তা প্রশ্নে বেলগ্রেডে দুই নেতার আলোচনায় বসার কথা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে জেলেনস্কি বলেছিলেন, মিত্রদের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে বিলম্বের কারণে ‘ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ’ ঘটছে। 

শক্তিশালী ইন্টারসেপ্টর সক্ষমতা থাকলে সাম্প্রতিক এসব মারাত্মক হামলায় ‘জীবন বাঁচানো যেত’ মন্তব্য করে তিনি বলেন, মিত্রদের কাছ থেকে ইন্টারসেপ্টর সরবরাহ এ বছর ‘উল্লেখযোগ্যভাবে হ্রাস’ পেয়েছে।

কিইভে হামলার আগে ইউক্রেইন রাশিয়ার বেশ ভেতরে দুটি তেল শোধনাগার এবং কৃষ্ণসাগরে মস্কো সংশ্লিষ্ট জাহাজে হামলা চালায়। 

জেলেনস্কি বলেন, যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান কমাতে এই হামলা চালানো হয়েছিল। 

আলোচনা থমকে যাওয়ায় দুই দেশের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের তীব্রতা সম্প্রতি নতুন করে বৃদ্ধি পেয়েছে।