Published : 24 Jul 2026, 08:46 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ বা পণ্যের কোনও ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছ থেকে জব্দ করা অর্থসম্পদ থেকে ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন। তার এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ক্ষুব্ধ ইরান।
জুলাইয়ের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও পশ্চিম এশিয়া অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে দুই সপ্তাহে হামলা বেড়েছে। বৃহস্পতিবার টানা ১৩তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে এর চেয়েও বড় সামরিক হামলা চালানো হবে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও দখলে থাকা ইরানের অর্থ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। তারপরও এভাবে ক্ষতিপূরণ দেওয়াটাই সুষ্ঠু এবং ন্যায্য হবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “অন্য দেশের সম্পদ জব্দ করে ভবিষ্যতের অন্য কোনও ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা উস্কানিমূলক নজির।”
আরাকচি আরও বলেন, “যারা এ ধরনের অর্থ জব্দের গুণগান করেন বা এ থেকে লাভবান হন, তাদের মনে রাখা উচিত- একবার রাষ্ট্রগুলো যদি সম্পদ বাজেয়াপ্ত করাকে স্বাভাবিকভাবে নেয়, তাহলে কারও সম্পদই আর নিরাপদ থাকবে না। আর এর ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তা সুন্দরও হবে না, শান্তিপূর্ণও হবে না।”
ইরানের জব্দ করা সম্পদের বিষয়টি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। গত জুনে যুদ্ধ অবসানে দুই দেশ যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল, সেখানে এ বিষয়ের উল্লেখ ছিল। তবে সেই সমঝোতা চুক্তি পরে ভেঙে যায়।
ইরানের সম্পদ জব্দ করে রাখার ঘটনা অবশ্য নতুন নয়। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ কয়েক দশক ধরে ইরানের সম্পদ জব্দ করে রেখেছে। ইরানের জব্দ হওয়া সম্পদের সঠিক পরিমাণ জানা যায়নি। তবে বিভিন্ন হিসাব অনুযায়ী, এর মূল্য প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার হতে পারে।
১৯৭৯ সালে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জিম্মি করার ঘটনার পর প্রথম ইরানের অর্থসম্পদ জব্দ করেছিল ওয়াশিংটন।