২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল পুরস্কার শান্তি চেষ্টা বাড়াবে, আশা হিরোশিমা স্মৃতি পার্কের দর্শণার্থীদের

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘নিহোন হিদাংকিয়ো’ এবারে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 06:26 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘নিহোন হিদাংকিয়ো’ এবারে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় বিশ্বে শান্তির জন্য চেষ্টা জোরদার হবে। পাশাপাশি বিশ্ব নেতারাও হিরোশিমার শান্তি স্মৃতি পার্ক দেখতে যেতে উৎসাহী হবেন। এমনটাই আশা করছেন পার্কটির দর্শণার্থীরা।

নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৫তম নোবেল শান্তি পুরস্কারের জন্য ওই সংগঠনের নাম ঘোষণা করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে ১৯৪৫ সালের ৬ অগাস্ট জাপানের হিরোশিমায় একটি পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র । মার্কিনিরা সেই বোমার নাম দিয়েছিল ‘লিটল বয়’। তিনদিন পর প্রায় ৩০০ কিলোমিটার দূরে নাগাসাকি শহরে আরেকটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র, যার নাম তারা দিয়েছিল ফ্যাট ম্যান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৯ সালে হিরোশিমাকে ঘোষণা করা হয় ‘শান্তির শহর’। নির্মিত হয় শান্তি স্মৃতি পার্ক।হিরোশিমা ও নাগাসাকিতে যারা পারমাণবিক বোমার ক্ষত নিয়েও বেঁচে গিয়েছিলেন, জাপানি ভাষায় তাদের বলা হয় ‘হিবাকুশা’। 

এই হিবাকুশারাদের একটি স্থানীয় সংগঠন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারমাণবিক বোমার পরীক্ষায় ক্ষতিগ্রস্ততের সঙ্গে নিয়ে ১৯৫৬ সালে প্রতিষ্ঠা করে জাপান কনফেডারেশন অব এ- অ্যান্ড এইচ-বম্ব সাফারারস অর্গানাইজেশন, যাকে জাপানি ভাষায় সংক্ষেপে বলা হয় ‘নিহোন হিদাংকিয়ো’।

বন্ধুকে সঙ্গে নিয়ে শান্তি স্মুতি পার্ক ঘুরতে যাওয়া ২১ বছর বয়সী এক শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “জাপানি মানুষ হিসাবে আমি বিশ্বাস করি যে, এই জিনিসের পুনরাবৃত্তি যেন আর না হয়, সেটি আমাদের নিশ্চিত করা প্রয়োজন।

“যেহেতু জাপান আণবিক বোমা হামলার শিকার হওয়া একমাত্র দেশ এবং একই ঘটনা অন্যান্য দেশেও আবার ঘটতে পারে। আমি মনে করি জাপানিই সেটি বন্ধ করার জন্য সম্ভবত সবচেয়ে ভাল অবস্থানে আছে।”

আগামী বছর অগাস্টে পারমাণবিক বোমা হামলার ৮০ তম বার্ষিকী উদযাপন হবে। সে সময় হিবাকুশাদের ওপর মনোানিবেশ করা হবে। পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন করে বিতর্কও শুরু হতে পারে।

স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে স্মৃতি পার্কে ঘুরতে যাওয়া এক জাপানি ইয়াশুহিরো সুজুকি ‘নিহোন হিদাংকিয়ো’ সংগঠনের নোবেল পুরষ্কার পাওয়াকে যুগান্তকরী আখ্যা দেন।

তিনি বলেন, “পারমাণবিক শক্তি বিশ্বের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু এই শক্তির অপব্যবহার যাতে না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আশা করি এই নোবেল পুরস্কার বিশ্বজুড়ে মানুষের জন্য এই বিষয়ে বিভিন্ন দিক ভেবে দেখার একটা সুযোগ হয়ে আসবে।”

হিরোশিমা শান্তি স্মৃতি পার্কে কেবল জাপানিরা নয় বিদেশিরাও ঘুরতে যায়। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেস্ট বারাক ওবামার মতো বিশ্ব নেতারাও সেখানে যান এবং বক্তব্য রাখেন।

হিরোশিমার অধিবাসী হিরোকাজু তানাবে বলেন, “আমি বিশ্বাস করি এখনও বিশ্বের অনেক দেশের প্রধানমন্ত্রী এবং নেতারা জাপানে আসতে পারেন। আশা করি তারা এ পার্ক দেখতে আসার চেষ্টা করবেন।”

অনেক জাপানিই মনে করে পারমাণবিক বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়া উচিত। ওই হামলার পর থেকেই জাপান মূলত আত্মরক্ষার খাতিরে তাদের সামরিক বাহিনীকে প্রস্তুত করেছে।

স্মৃতি পার্ক ঘুরতে যাওয়া ২০ বছর বয়সী আরেক জাপানি শিক্ষার্থী বলেন, ‘নিহোন হিদাংকিয়ো’ সংগঠনের নোবেল পুরস্কার পাওয়াটা সম্মানের। তিনি বলেন, “আমি শিক্ষা নিয়ে পড়াশুনা করছি এবং শিক্ষার মাধ্যমে শান্তি অর্জনের বিষয়টির গুরুত্ব সম্প্রতি উপলব্ধি করতে পেরেছি। সেই অর্থে আমি খুশি যে, এর একটা এই ধরনের বড় প্রভাব আছে।”