ভারতের নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত
ভারতে বহুল আলোচিত বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের একজন ছিলেন উদয় উমেশ ললিত
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শনিবার শপথ গ্রহণ করেছেন উদয় উমেশ ললিত। তবে খুব বেশি দিন তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন না। আগামী নভেম্বরে অবসরে যাচ্ছেন তিনি। তার আগে ৭৪ দিন দায়িত্ব পালনের সুযোগ পাবেন তিনি।
ভারতে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়, দেশটির রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। ভারতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসরে যাওয়ার বয়স ৬৫ বছর।
এ মাসের শুরুতে প্রধান বিচারপতি উদয়ের পূর্বসুরি এস.ভি. রামানা অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের জন্য ৬৫ বছর বয়স ‘অনেক কম’ বলে মনে করেন বিচারপতি রামানা।
শনিবার রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এন.ভি রামানার উপস্থিতিতে প্রধান বিচারপতি উদয়কে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
উদয় ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী থেকে সরাসরি শীর্ষ আদালতের বিচারপতি এবং এখন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন উদয়। তার আগে ভারতে মাত্র একজনের এ কীর্তি আছে। তিনি হলেন সাবেক প্রধান বিচারপতি এস.এম. সিকরি।
ভারতে বহুল আলোচিত বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের একজন ছিলেন উদয়। ওই বেঞ্চের নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তবে ২০১৯ সালের ১০ জানুয়ারি বাবরি মসজিদ মামলার মামলার চূড়ান্ত শুনানি হওয়ার আগে নিজেকে ওই মামলা থেকে সরিয়ে নিয়েছিলেন উদয়।
