Published : 01 Aug 2026, 12:25 PM
ইউক্রেইনের রাজধানী কিইভে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত এবং চার শিশুসহ ২৭ জন আহত হয়েছে।
শনিবার ভোরের দিকে এ প্রাণঘাতী হামলার খবর ইউক্রেইনের জরুরি সেবা বিভাগ।
সিবিএস নিউজ লিখেছে, কিইভে সম্প্রতি রাশিয়ার এ ধরনের হামলা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য আরও ইন্টারসেপ্টর দরকার বলে মন্তব্য করেছেন।
দুই দিন আগেই ইউক্রেইনজুড়ে ব্যাপক হামলা চালায় রাশিয়া, এতে এক পরিবারের ছয় সদস্যসহ অন্তত আটজন নিহত হন। ওই হামলার সময় একটি সন্দেহভাজন রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিবেশী পোল্যান্ডের ভূখণ্ডে গিয়ে পড়েছিল।
কিইভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাজধানী শহরটি ভয়াবহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
ঘটনার সময় ১০টির বেশি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হামলার পর কিইভের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
মেয়র ক্লিচকো জানান, শেভচেনকিভস্কি এলাকার একটি আবাসিক ভবন আংশিক ধ্বংস হয়ে গেছে এবং ভেতরে বেশ কয়েকজন আটকে পড়েছেন।
জরুরি সেবা সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, দারনিতস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। সেখানে দুই শিশুসহ ১৪ জন আহত হন। এছাড়া সোলোমিয়ানস্কি জেলায় পাঁচতলা একটি আবাসিক ভবন আংশিক ধসে পড়ে দুজন নিহত এবং দুই শিশুসহ আটজন আহত হয়েছেন।
সম্প্রতি ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ‘প্যাট্রিয়ট’ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার দাবি জানান।
ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইউক্রেইনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিতে যুক্তরাষ্ট্র এখনো সম্মত হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলছে।
“কাউকে এ ধরনের আধুনিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়ার আগে আমাদের খুব সতর্ক হতে হবে। এটি একটি বড় পদক্ষেপ।”
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি অন্য দেশের হাতে তুলে দেওয়ার ঝুঁকি তুলে ধরে ট্রাম্প বলেন, “আমি মনে করি না এমন কিছু ঘটবে, কিন্তু প্রযুক্তির সুবিধা পাওয়া ব্যক্তিরা একদিন আপনার বিরুদ্ধেই তা ব্যবহার করতে পারে।”
জেলেনস্কি শুক্রবার এক্স পোস্টে বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার ‘ইতিবাচক’ ফোনালাপ হয়েছে।
জেলেনস্কি লেখেন, “আমাদের দেশে অবিরাম রাশিয়ার বিমান হামলা চলছে। এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা—বিশেষ করে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর পাওয়া আমাদের প্রধান অগ্রাধিকার।”
প্যাট্রিয়ট হলো ইউক্রেনের হাতে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা, যা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। কিন্তু সাম্প্রতিক রুশ বিমান হামলায় ইউক্রেনের হাতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে।
অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেইনও রাশিয়ার ভেতরে পাল্টা হামলা জোরদার করেছে। রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন রিটেইলার ‘ওয়াইল্ডবেরিজ’র বেশ কিছু পণ্যাগারে কিইভ হামলা চালিয়েছে।
ইউক্রেইন বলছে, যেসব লজিস্টিক হাব ব্যবহার করে রুশ বাহিনী সামরিক সরঞ্জাম সংগ্রহ ও সরবরাহ বহাল রাখছে, সেগুলো অকার্যকর করতেই এসব স্থানে হামলা চালানো হচ্ছে।