Published : 26 Jul 2025, 02:29 PM
প্রতিষ্ঠা লাভের আগেই ফিলিস্তিনকে ‘রাষ্ট্র হিসেবে স্বীকৃতি’ দেওয়া হলে তাতে উল্টো ফলও হতে পারে বলে মনে করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
“আমি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, কিন্তু প্রতিষ্ঠার আগেই তাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই।
“যেটার অস্তিত্ব নেই, কিন্তু কাগজে স্বীকৃতি থাকলে, মনে হতে পারে- সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আদতে হয়নি,” শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফ্রান্স আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে—এমন ঘোষণার পর বিশ্বজুড়ে ইসরায়েলের মিত্ররা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যখন যুদ্ধ চলছে তখন প্যারিসের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব।
এ প্রসঙ্গে শুক্রবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি তখনই দেওয়া যেতে পারে, যখন নতুন ফিলিস্তিনি রাষ্ট্রও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বরে স্বীকৃতি দেবে ফ্রান্স
একইদিন জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, কাছাকাছি সময়ের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই বার্লিনের।
দুই রাষ্ট্র সমাধানের পথে ‘অনেক আগেই হওয়া উচিত ছিল এমন অগ্রগতি’ সম্পন্ন করাই এখন জার্মানির অগ্রাধিকার, বলেছেন তিনি।