০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সৈকতে বেড়াতে গিয়ে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

মুদ্রে নামার পর পানির গভীরতা ও স্রোত ঠিকভাবে বুঝতে না পেরে তারা ভেসে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 09:43 AM

Updated : 02 Oct 2026, 09:43 AM

ভারতের মহারাষ্ট্রে সৈকতে বেড়াতে গিয়ে পুনের আট কিশোর শিক্ষার্থী ডুবে মারা গেছে।

বৃহস্পতিবার বিকালে রায়গড় জেলার জনপ্রিয় পর্যটন এলাকা দিভেআগর সৈকতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই ১৬ বছর বয়সি; তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি লিখেছে, তারা পুনের আলান্দির ‘উইনার্স অ্যাকাডেমি’ নামের একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল। তারা বেড়াতে প্রায় ১৭০ কিলোমিটার দূরের দিভেআগর সৈকতকে বেছে নিয়েছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, ২৫ ছেলে, ১৭ মেয়ে ও ছয় শিক্ষকসহ মোট ৪৮ জনের দলটি বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতে পিকনিকে যায়। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামে। পানির গভীরতা ও স্রোত ঠিকভাবে বুঝতে না পারায় তারা স্রোতে ভেসে যায়।

ঘটনা বুঝতে পেরে দিভেআগরের ‘ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টস’র মালিক ভাউ সালুনখে তার দলের সদস্যদের নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ওয়াটার স্পোর্টস দলের সদস্যরা ঝুঁকি নিয়ে সমুদ্র থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ মরদেহগুলো নিজেদের হেফাজতে নেয়। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো বোরলি পঞ্চতনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এক্স পোস্টে ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “তাদের মরদেহ আলান্দিতে নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসন সমন্বয় করে কাজ করছে।”

এ মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন।

তিনি বলেন, ওই কোচিং সেন্টারকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

স্কুলের শিক্ষা সফরের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা শিগগিরই জারি করা হবে বলেও জানান গিরিশ।