Published : 12 Feb 2026, 01:05 PM
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় জেলা হাত ইয়াইয়ের এক স্কুলে বন্দুকধারীর গুলিতে স্কুলটির এক নারী শিক্ষক নিহত হয়েছেন। হামলাকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার ঘটনাটি ঘটেছে বলে মালয়েশিয়ার সীমান্তবর্তী সংখলা প্রদেশের প্রশাসন বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে জানিয়েছে।
১৭ বছর বয়সী এক কিশোর ওই শিক্ষিকাকে গুলি করতে এক পুলিশ কর্মকর্তার আগ্নেয়াস্ত্র চুরি করে। তারপর সে হাত ইয়াইয়ের পাতং প্রাতান কিরিওয়াত স্কুলে গিয়ে ওই শিক্ষিকাকে গুলি করে হত্যা করে। নিহত শিক্ষিকাকে সাসিপাত সিনসামোসন বলে শনাক্ত করা হয়েছে।
রয়টার্স জানায়, সন্দেহভাজন কিশোরকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় এক নারী শিক্ষার্থীও আহত হয়েছেন। তাকেও গুলি করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সাসিপাত স্কুলটির পরিচালকের দায়িত্বও পালন করতেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে জরুরিভিত্তিতে হাসপাতালের ইন্টেসিভ কেয়ার ইউনিটে নিয়ে অস্ত্রোপচার করা হয়। কিন্তু স্থানীয় সময় ভোররাত ২টার দিকে ইন্টারনাল অর্গান ইঞ্জুরি ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আটক সন্দেহভাজনের নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহারের ইতিহাস আছে। ডিসেম্বরে সে একটি মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল। যে স্কুলে ঘটনাটি ঘটেছে সেখানে তার এক বোন পড়ে।
থাইল্যান্ডে বন্দুকের মালিকানা একটি সাধারণ বিষয়। দেশটিতে প্রায়ই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে।