Published : 03 Feb 2026, 09:31 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গঠিত ‘শান্তি বোর্ড’ ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে নিরস্ত্র হতে দুই মাসের আলটিমেটাম দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
সোমবার স্থানীয় সংবাদপত্র মাকর রিশোনে তিনি একথা বলেন। তিনি এও বলেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ করবে না ইসরায়েল।
ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ আরও বলেন, “গাজায় হামাসের কোনও অস্তিত্ব থাকবে না। সেটি সামরিক, বেসামরিক কিংবা সরকারি- কোনোভাবেই নয়। আমরা অঙ্গীকার করেছি এবং এটিই যুদ্ধের মূল লক্ষ্য।”
তবে স্মোট্রিচের এ বক্তব্যের বিষয়ে ট্রাম্পের শান্তি বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলের এই মন্ত্রী দাবি করেন, ইসরায়েলের সেনাবাহিনী গাজায় অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সবকিছুর ওপর তাদের নিয়ন্ত্রণ আছে।
তিনি বলেন, “(যুদ্ধবিরতির) দ্বিতীয় ধাপ হল নিরস্ত্রীকরণ। দুর্ভাগ্যবশত আমরা এটি তিন মাস আগে শুরু করিনি।”
গাজা নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গত ১৫ জানুয়ারি ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। এ পরিকল্পনার আওতায়ই গত বছর ১০ অক্টোবরে গাজা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।
পরে নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের মাধ্যমে শান্তি পর্ষদ অনুমোদন পায়। ট্রাম্প এ পর্ষদের সভাপতিত্ব করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
ট্রাম্পকে সহায়তা করছে একটি নির্বাহী পর্ষদ; যেখানে কূটনীতি, উন্নয়ন, অবকাঠামো ও অর্থনৈতিক কৌশল বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরা আছেন।
শান্তি পর্ষদের সনদে একে একটি ‘আন্তর্জাতিক সংগঠন’ হিসেবে বর্ণনা করা হয়েছে, যার লক্ষ্য সংঘাতপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা, আইনানুগ শাসনব্যবস্থা পুনরুদ্ধার ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা।
এই সনদ ট্রাম্পকে আজীবনের জন্য ব্যাপক ক্ষমতা দিয়েছে। এর মধ্যে ভেটো দেওয়া ও সদস্য নিয়োগের এখতিয়ারও আছে। সমালোচকরা মনে করেন, এই সনদ কাঠামো আসলে ট্রাম্পের জাতিসংঘকে পাশ কাটানোরই একটি চেষ্টা ।
সূত্র: মিডল ইস্ট মনিটর