যুদ্ধ শুরুর পর থেকে কিইভে বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
কয়েক ঘণ্টা ধরে চালানো এ হামলায় রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় সাড়ে চার বছরের মধ্যে দেশটির রাজধানী কিইভে বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোররাতে কয়েক ঘণ্টা ধরে চালানো এ হামলায় রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
কিইভের স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ হামলায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। তারা নগরীর ছয়টি জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা বলে জানিয়েছে ইউক্রেইনের জাতীয় পুলিশ।
আল জাজিরা জানায়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার জন্য ইউক্রেইন প্রধানত মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। কিন্তু বর্তমানে এ ধরনের ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় প্রায় প্রতিদিন রাশিয়ার চালানো হামলা মোকাবেলায় ইউক্রেইন ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়ছে।
এর সঙ্গে যোগ হয়েছে অভ্যন্তরীণ উত্তেজনা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রীকে সরানোয় অনেকেই ক্ষুব্ধ হয়েছে। তার এ সিদ্ধান্তে প্রতিবাদে রাস্তায় রাস্তায় বিক্ষোভ হচ্ছে আর অনেক ইউক্রেইনীয় সেনা হতাশ হয়েছে।
কিছু সমালোচক বলছেন, ঠিক যখন মনে হচ্ছিল যুদ্ধে ইউক্রেইন গতি লাভ করছে তখন মাইখাইলো ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল।
দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কিইভের বিভিন্ন অংশে আগুন লেগে যায়। আবাসিক ভবন, দপ্তর, শিল্প এলাকা, ছাত্রাবাস ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
নগরীর সভিয়াতোশিনস্কি এলাকায় জ্বলতে থাকা একটি বাড়ি থেকে উদ্ধারকারীরা চার ব্যক্তিকে বের করে আনতে সক্ষম হন। শেভচেনকিভস্কি এলাকায় জ্বলতে থাকা আরেকটি তিন তলা ভবন থেকে বাসিন্দাদের উদ্ধার করেন তারা। একটি অফিস ভবনে লাগা আগুনও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। পরে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এর পাশাপাশি নগরীর আরও তিনটি এলাকায় জ্বলাতে থাকা আগুন নেভাতে দমকল কর্মীরা ছুটাছুটি শুরু করেন।
রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেইনের মধ্যাঞ্চলীয় শহর দনিপ্রোপেত্রভস্কেও আঘাত হেনেছে। এই শহরটির অবস্থান যুদ্ধক্ষেত্রের সামনের সারির সীমান্তে। এখানে একজন নিহত হয়েছে বলে আঞ্চলিক এক কর্মকর্তা জানিয়েছেন।
জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার ড্রোন একটি যাত্রীবাহী ট্রেনে আঘাত হানে। এতে ট্রেনের চালক নিহত হন। ড্রোনের আঘাতে ট্রেনটিতে আগুন ধরে যায়।
চলতি জুলাইয়ে রাশিয়া কিইভের ওপর বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে অন্তত সাতবার তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
রোববার ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ৪১টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
ইউক্রেইন আরও জানিয়েছে, তাদের বাহিনীগুলো কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি তেল ট্যাংকারে আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেইনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি দিতে প্রস্তুত।
এমনটি হলে তা নিশ্চিতভাবেই ইউক্রেইনের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। কিন্তু কবে এ ছাড়পত্র দেওয়া হবে আর সেই প্রক্রিয়ায় কতো সময় লাগবে তা এখনও অস্পষ্ট।
