Published : 11 Aug 2025, 05:39 PM
যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করা পণ্যে উচ্চ শুল্ক আরোপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা ও দেশটির ব্যবসায়ীরা মার্কিন পণ্য বর্জনের ডাক দিয়েছেন।
শুল্কের বিরুদ্ধে প্রতিবাদে ভারতে মার্কিনবিরোধী মনোভাব উস্কে উঠছে আর তাতে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপেলের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলো বিরূপ পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মার্কিন ব্রান্ডগুলোর একটি প্রধান বাজার যা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ভারতের ধনী ক্রেতাদের অনেকেই আন্তর্জাতিক লেবেলগুলির প্রতি আকৃষ্ট, যেগুলিকে ব্যক্তিগত জীবনে উন্নতির প্রতীক হিসেবে দেখা হয়।
ব্যবহারকারী বিবেচনায় মেটার হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারত। দেশটিতে যে কোনো ব্রান্ডের চেয়ে ডোমিনোজের বেশি রেস্তোরাঁ আছে। প্রায়ই দোকানের তাকগুলো ভরা থাকে পেপসি ও কোকাকোলার মতো কোমল পানীয়তে আর এখনও অ্যাপলের নতুন কোনো দোকান খোলা হলে বা স্টারবাকস ক্যাফে কোনো ছাড় দিলে সেখানে লোকজনের লাইন পড়ে।
ডনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এতে ভারতীয় রপ্তানীকারকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন আর এ সিদ্ধান্তে নয়া দিল্লি ও ওয়াশিংটনের মিত্রতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব সত্ত্বেও তাৎক্ষণিকভাবে দেশটিতে মার্কিন পণ্যের বিক্রি কমে যাওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। কিন্তু এর জেরে সামাজিক মাধ্যম ও অফলাইনে মার্কিন পণ্য বর্জন করে স্থানীয় পণ্য কেনার আহ্বান জানানো হচ্ছে আর এই আওয়াজ সময়ের সঙ্গে সঙ্গে জোরদার হচ্ছে।
এর কোনো প্রভাব বাজারে পড়েছে কি না, ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, অ্যামাজন ও অ্যাপলকে জিজ্ঞেস করেছিল রয়টার্স, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা কোনো উত্তর দেয়নি।
মোদীর ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্কিত স্বদেশি জাগরণ মঞ্চ মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানিয়ে রোববার ভারতজুড়ে ছোট ছোট জনসভা করেছে।
গোষ্ঠীটির সহ-আহ্ববায়ক অশ্বনী মহাজন রয়টার্সকে বলেন, “মানুষ এখন ভারতীয় পণ্যের দিকে তাকাচ্ছে। এটি ফলপ্রসূ হতে কিছুটা সময় লাগবে। এই ডাক জাতীয়তাবাদ, দেশপ্রেমের জন্য।”
তার জাগরণ মঞ্চ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয় ব্রান্ডের সাবান, টুথপেস্ট এবং কোমল পানীয়র তালিকা ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের একটি তালিকা তিনি রয়টার্সের সঙ্গেও শেয়ার করেছেন।
সামাজিক মাধ্যমে গোষ্ঠীটির একটি প্রচারণায় ‘বিদেশি ফুড চেইনগুলো বর্জন করুন’ লেখা গ্রাফিক শিরোনামের সঙ্গে ম্যাকডোনাল্ডস্ ও অন্য রেস্তোরাঁ ব্রান্ডগুলোর লোগো দেওয়া ছিল।
ভারতের ‘ওয়াও স্কিন সায়েন্স’ এর সহপ্রতিষ্ঠাতা মনিষ চৌধুরি লিঙ্কডইনে দেওয়া এক ভিডিও বার্তায় ‘মেইড ইন ইন্ডিয়া’কে একটি ‘বৈশ্বিক অবসেশনে’ পরিণত করার জন্য কৃষকদের ও স্টার্টআপগুলোর প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে তিনি দক্ষিণ কোরিয়ার থেকে শিক্ষা নিতে বলেছেন যাদের খাবার ও প্রসাধন পণ্যগুলো বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছে।
রোববার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে মোদী আত্মনির্ভরশীল হওয়ার এক ‘বিশেষ আবেদন’ জানিয়ে বলেছেন, ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বের জন্য পণ্য তৈরি করে কিন্তু ‘এখন সময় ভারতের প্রয়োজনকে আমাদের বেশি প্রাধান্য দেওয়া’।