১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৬৫ বছর পর অ্যান্টার্কটিকায় পাওয়া গেল ব্রিটিশ অভিযাত্রীর দেহাবশেষ

এবছর জানুয়ারিতে পোলিশ এক অ্যান্টার্কটিক অভিযাত্রী দল এই ব্রিটিশের কিছু জিনিস ও দেহাবশেষ খুঁজে পায়। এরপর ডিএনএ পরীক্ষা ও রেকর্ড যাচাই করে তার পরিচয় নিশ্চিত হয়।

৬৫ বছর পর অ্যান্টার্কটিকায় পাওয়া গেল ব্রিটিশ অভিযাত্রীর দেহাবশেষ
ডেনিস বেল। ছবি: বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 01:12 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

অ্যান্টার্কটিকায় ৬৫ বছর পর হিমবাহ গলে বেরিয়ে এসেছে ১৯৫৯ সালের এক মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ হওয়া ব্রিটিশ অভিযাত্রী ডেনিস “টিঙ্ক” বেলের দেহাবশেষ।

চলতি বছরের জানুয়ারিতে পোলিশ একটি অ্যান্টার্কটিক অভিযাত্রী দল একটি হাতঘড়ি, রেডিও ও পাইপসহ কিছু জিনিসপত্রের সঙ্গে ডেনিস টিঙ্ক বেলের দেহাবশেষ খুঁজে পায়। এরপর ডিএনএ পরীক্ষা ও রেকর্ড যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়।

২৫ বছর বয়সে ‘ফকল্যান্ড আইল্যান্ডস ডিপেন্ডেন্সিস সার্ভে’-এর হয়ে কাজ করার সময় এক জরিপ অভিযানে বেরিয়ে ডেনিস ওরফে টিঙ্ক তুষারের নিচে থাকা গভীর ফাটলে পড়ে যান। প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

এতবছর পর তার সন্ধান পেয়ে ডেনিসের ভাই ডেভিড বেল বিবিসি-কে বলেন, “আমি ভেবেছিলাম তাকে আর কখনও খুঁজে পাওয়া যাবে না। এটা অবিশ্বাস্য—মনে হচ্ছে অসম্ভব কিছু ঘটেছে।”

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের পরিচালক প্রফেসর ডেম জেন ফ্রান্সিস বলেন, “ডেনিস ছিলেন সেই সাহসী ব্যক্তিদের একজন, যারা কঠোর পরিস্থিতিতে অ্যান্টার্কটিকার প্রাথমিক বিজ্ঞান ও অনুসন্ধানে অবদান রেখেছেন।”

পোলিশ গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহের তীব্র গলনের কারণে দেহাবশেষ পৃষ্ঠে উঠে এসেছে। তারা জিপিএস চিহ্ন দিয়ে স্থান নির্ধারণ করে এবং চার দফায় বিপজ্জনক এলাকা থেকে হাড় ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেন।

ডেভিড বলেন, “আমার খারাপ লাগছে যে আমার বাবা-মা এই দিনটি দেখতে পারলেন না। তবে এখন অন্তত তাকে ঘরে ফিরিয়ে আনার সুযোগ হয়েছে।”

ডেভিড বেল জানান, তিনি ও তার বোন ভ্যালেরি শিগগিরই ইংল্যান্ডে গিয়ে ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করবেন। “এটা আমাদের জন্য একধরনের শান্তি—৬৫ বছর পর সে বাড়ি ফিরেছে।”