১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বজুড়ে আত্মহত্যায় ইচ্ছুকদের কাছে বিষ বিক্রিতে অভিযুক্ত কানাডীয়র দোষ স্বীকার

কানাডার পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ৪১ টি দেশের শতাধিক মানুষের কাছে অনলাইনে আত্মহত্যার জন্য বিষের প্যাকেট পাঠিয়েছিলেন কানাডীয় ল কেনেথ।

বিশ্বজুড়ে আত্মহত্যায় ইচ্ছুকদের কাছে বিষ বিক্রিতে অভিযুক্ত কানাডীয়র দোষ স্বীকার
আদালত প্রাঙ্গন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 01:45 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

আত্মহত্যায় মানুষের ব্যবহারের জন্য বিশ্বজুড়ে অনলাইনে বিষ বিক্রিতে অভিযুক্ত কানাডীয় নাগরিক কেনেথ ল নিজ দেশে ১৪ জনকে আত্মহত্যায় সহায়তা করার ঘটনায় দোষ স্বীকার করেছেন।

শুক্রবার কানাডায় অন্টারিওর নিউমার্কেট আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন ৬০ বছর বয়সী কেনেথ ল। এক সময়কার প্রকৌশলী কেনেথ ল টরেন্টো হোটেলে বাবুর্চির কাজও করেছিলেন।

তিনি একাধিক ওয়েবসাইটের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বা আত্মহত্যা করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে প্রাণঘাতী বিষাক্ত পদার্থ ও সরঞ্জাম বিক্রি করতেন।  তার সরবরাহ করা বিষাক্ত উপাদান সেবন করে কানাডাসহ বিশ্বের বহু দেশে মানুষের মৃত্যু হয়েছে।

কানাডার পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড-সহ ৪১ টি দেশের শতাধিক মানুষের কাছে তিনি  ‘আত্মহত্যার বিষের প্যাকেট’ পাঠিয়েছিলেন।

অনলাইন সুইসাইড ফোরামে বিষাক্ত পদার্থের প্রায় ১,২০০ টি প্যাকেট কেনেথ বিক্রি করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শুক্রবার আদালতে কানাডার অন্টারিও প্রদেশে ১৪ জনের মৃত্যুতে নিজের ভূমিকা থাকার কথা কেনেথ নিজেই নিশ্চিত করে জানিয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। 

কেনেথে এও স্বীকার করেছেন যে, তিনি প্রাণঘাতী বিষাক্ত পদার্থ যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন এবং এতে সেখানে ৭৯ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া, স্কটল্যান্ডে ৫ জনের মৃত্যু এবং নর্দান আয়ারল্যান্ডে একজনের মৃত্যুর সঙ্গেও কেনেথের যোগসূত্র আছে।

কেনেথ ল ২০২৩ সালে গ্রেপ্তার হওয়ার পর কানাডা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ১৪টি খুন এবং ১৪টি আত্মহত্যায় সহায়তার অভিযোগ এনেছিল।

কেনেথ আত্মহত্যায় সহায়তা করার ১৪ টি অভিযোগে আদালতে দোষ স্বীকার করায় কৌসুলিদের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, ১৪ টি খুনের অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। 

কেনেথ গ্রেপ্তার হয়েছিলেন ২০২৩ সালের মে মাসে। যুক্তরাজ্যের টাইমস পত্রিকার অনুসন্ধানে কেনেথ ল এর বিরুদ্ধে তরুণদের কাছে বিষ বিক্রির অভিযোগ ওঠার একসপ্তাহ পরই তিনি গ্রেপ্তার হন।

টাইমস পত্রিকার এক সাংবাদিক কাস্টমারের ছদ্মবশে কেনেথের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। 

সেই আলাপচারিতাতে কেনেথ ওই ছদ্মবেশী সাংবাদিককে তার বিষের প্যাকেট কিভাবে ব্যবহার করতে হবে এবং মৃত্যু নিশ্চিত করা যাবে তা বাতলে দিয়েছিলেন।

টাইমসের এই অনুসন্ধানের পাশাপাশি আরও অন্তত ১১ টি আইনপ্রয়োগকারী সংস্থার তদন্তের পর কেনেথ পাকড়াও হন। তার অপরাধ তদন্তে যুক্তরাজ্য, ইতালি, যুক্তরাষ্ট্রসহ প্রায় ১ ডজন দেশের তদন্তকারীরা জড়িত ছিলেন।

অন্টারিওর আদালতে দোষ স্বীকারের পর আগামী সেপ্টেম্বরে কেনেথের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হতে পারে।